কেন এবছর সপ্তমী দু’দিন? প্রথম দিনটি কেমন কাটবে বিভিন্ন রাশির জাতকদের?
জ্যোতিষাচার্য উৎপলকুমার দাস
১৪৩৩ বঙ্গাব্দের দুর্গাপুজো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে একটু অন্যরকম। বিশেষ করে দুর্গাষষ্ঠী এবং সপ্তমী বিগত বছরগুলোর তুলনায় অন্যরকম। ১৭ অক্টোবর ভোর ৫–৫৫ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথি থাকছে। নিয়ম অনুযায়ী তারপরেই সপ্তমী শুরু হওয়া উচিত। কিন্তু পঞ্জিকা মতে ১৭ অক্টোবর সকাল ৫–৫৫ মিনিটের পরের সময়টিকে দেবী দুর্গার ‘অধিক পূজা’ বলে আখ্যায়িত করা হয়েছে। তার মানে দুদিন অর্থাৎ ১৭ এবং ১৮ অক্টোবর সপ্তমী তিথি।
এই দিনের রাশিচক্রে দেখা যাচ্ছে মেষ, বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক ও মকর রাশিতে কোনও গ্রহ নেই। কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ, বৃহস্পতি তুঙ্গস্থ। সিংহ রাশিতে কেতু স্বনক্ষত্রে রয়েছ। তুলা রাশিতে রবি নিচস্থ, বুধ ও শুক্র বক্রী এবং স্বক্ষেত্রস্থ, ধনুতে চন্দ্র এবং কুম্ভ রাশিতে রাহু শুভ অবস্থায় আছে। মীন রাশিতে শনি রয়েছে বক্রী অবস্থায়।
এবার দখে নেওয়া যাক, বিভিন্ন রাশির ক্ষেত্রে আজকের প্রথম সপ্তমীর দিনটি কেমন যাবে?
মেষ রাশির জাতক–জাতিকাদের স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। ছোটখাটো রক্তপাত যোগ রয়েছে। পারিবারিক দিক থেকে শুভ। নতুন বাসস্থানের চিন্তা এবং আর্থিক যোগাযোগ বৃদ্ধি।
বৃষ রাশির মানুষজনদের শরীর নিয়ে টানাপোড়েন চলবে। ভ্রাতার আর্থিক দিক শুভ। যোগাযোগে লাভবান হতে পারেন। মুখের কোনও অসুখ ভোগাবে ।
মিথুন রাশির জাতক–জাতিকারা আজ হঠাৎ করে পুরনো কোনও পাওনা পেয়ে যেতে পারেন। হাতে রক্তক্ষরণ হতে পারে। আত্মীয়দের সঙ্গে পুরনো সম্পর্ক ঝালিয়ে নিতে পারেন। সন্তানের ক্ষেত্রে শুভ।
কর্কট রাশির জাতক–জাতিকাদের স্বাস্থ্য মোটের ওপর শুভ। মাথায় কোনও চোট লাগতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা।
সিংহ রাশির ক্ষেত্রে হঠাৎ স্বাস্থ্যহানি যোগ রয়েছে। রাতের দিকে স্বাস্থ্য নিয়ে বিপদে পড়তে পারেন। মানসিক চিন্তা। অতিরিক্ত উৎসাহের বশে কাজ না করে ফেলাই ভালো।
কন্যা রাশির অর্থাগম যোগ প্রবল। বাড়িতে আনন্দ, উৎসব। আত্মীয়–স্বজনের সঙ্গে ভালো সময় কাটবে। গৃহসুখ। নতুন আয়ের পথ খুলতে পারে।
তুলা রাশি জাতক–জাতিকারা স্বাস্থ্য নিয়ে অল্প ভুগতে পারেন। চোখের সমস্যা, মাথা ব্যথা বা সম্মানহানি যোগ রয়েছে।
বৃশ্চিক রাশির জাতক–জাতিকাদের মধ্যে যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের ক্ষেত্র শুভ। জনসংযোগ বাড়বে এবং তার ফলে শুভ ফল লাভ। শুভ যোগাযোগ। মহিলাদের আর্থিক দিক শুভ।
ধনু রাশির ক্ষেত্রে সর্দি, সাইনাস ইত্যাদির কষ্ট বাড়তে পারে। ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক। পুরনো সম্পত্তি ফেরত পাওয়ার যোগ। স্বাস্থ্য নিয়ে চিন্তা।
মকর রাশির জাতক–জাতিকাদের হঠাৎ অর্থাগম। ভ্রাতার স্বাস্থ্যহানি। স্বামী–স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। কর্মস্থানের সম্মানহানি যোগ।
কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে স্বাস্থ্য ভোগাবে। সঞ্চয়ের হাত পড়তে পারে। হঠাৎ কোনও সমস্যা, স্বামী–স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি।
মীন রাশির জাতক-জাতিকাদের অস্থি সমস্যা দেখা দিতে পারে। সন্তানের ক্ষেত্রে শুভ। পুরনো রোগের প্রকোপ বাড়বে। বিদেশ যাত্রার যোগ।
