যাদবপুরে বুকস্টল ভাঙার চেষ্টা: সিপিএমের মামলা খারিজ করল হাইকোর্ট

সংবাদদাতা, কলকাতা: যাদবপুরে সিপিএমের বুকস্টল ভাঙার চেষ্টার ঘটনায় হওয়া মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। বিচারপতি পার্থপ্রতিম রায়ের বেঞ্চে মঙ্গলবার মামলাটির শুনানি ছিল। দু–পক্ষের আইনজীবীর কথা শোনার পর বিচারপতি খারিজ করে দেন মামলাটি। যাদবপুরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে মামলা করেছিল সিপিএম। কিন্তু কী কারণে মামলাটি খারিজ করে দেওয়া হল, তার এখনও স্পষ্ট নয়। কারণ, উচ্চ আদালের নির্দেশের কপি এখনও সামনে আসেনি।
গত শনিবার যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের কাছে সিপিএমের অস্থায়ী বইয়ের স্টল ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, স্টল ভাঙার জন্য বুলডোজার নিয়ে হাজির হয়েছিল পুলিশ। সঙ্গে ছিলেন পুরসভার আধিকারিকরা। তখনই স্টল ভাঙার আইনি নোটিশ প্রশাসনের কাছে আছে কিনা জানতে যান সিপিএমের কর্মী–সমর্থকরা। এই নিয়ে শুরু হয় তর্কাতর্কি। এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিপিএম নেতৃত্ব। রাজ্যজুড়ে সিপিএমের বুক স্টল ভাঙার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। যাদবপুরের আগে বনগাঁয় স্টল ভাঙার অভিযোগে হাইকোর্টে মামলা হয়। গত বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ বনগাঁও সিপিএম–কে বইয়ের স্টল করার অনুমতি দেয়। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। অভিযোগ, কলকাতা হাইকোর্টের প্রধান বিতচারপতি রবীন্দ্র ঘুগে এবং বিচারপতি শাব্বার রশিদির বেঞ্চ সৌগত ভট্টাচার্যের বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার পরই যাদবপুরে বামেদের বুকস্টল গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা হয়।
