তিন দিনেই বেকায়দায় সার্ভিসেস, স্পিনের জাদুতে রঞ্জিতে পরপর দুই ম্যাচে জয় বাংলার

সংবাদদাতা, কলকাতা: পালামের ঘূর্ণি পিচে বাংলাকে বেকায়দায় ফেলতে চেয়েছিল সার্ভিসেস। উল্টে সেই ফাঁদেই পা দিল তারা। মাত্র সাড়ে তিন দিনে ৬০ রানে ম্যাচ জিতে নিলেন অভিমন্যু ঈশ্বরণরা। রঞ্জি ট্রফিতে এটি বাংলার টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে দিল্লিকে হারানোর পর এবার সার্ভিসেসকে হারিয়ে পয়েন্ট দাঁড়াল ১২। জয়ের নায়ক বাংলার স্পিনাররা।
নয়াদিল্লির পালাম স্টেডিয়ামে শুরু থেকেই পিচে দাপট ছিল স্পিনারদের। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে বাংলা। শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত স্পিনের সামনে হার মানেন অভিষেক পোড়েলরা, ইনিংস থামে ১৮৪ রানে। তবে জবাব দিতে দেরি করেননি বাংলার বোলাররাও। প্রথম দুই দিনে দু’দলের ১৫টি করে উইকেট পড়ে। সার্ভিসেসের প্রথম ইনিংস শেষ হয় ১২২ রানে, ফলে ৬২ রানের লিড পায় বাংলা।
দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাটিং ব্যর্থতা কাটাতে পারেননি সুদীপ ঘরামিরা। ১৪৬ রানেই গুটিয়ে যায় বাংলা। সার্ভিসেসের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৯। এই ম্যাচের প্রথম তিন ইনিংসে কোনও দলই ২০০ ছুঁতে পারেনি। তাই লক্ষ্যটা সহজ ছিল না। প্রথম ইনিংসের চেয়ে ভালো ব্যাট করলেও রজত পালিওয়ালদের লড়াই জয়ের জন্য যথেষ্ট হয়নি।
তৃতীয় দিন ১০ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামে সার্ভিসেস। ৪৩ রানের মাথায় প্রথম ধাক্কা দেন শাহবাজ আহমেদ। এরপর নকুল শর্মারা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেও সফল হননি। ইনিংস শেষ হয় ১৪৮ রানে। চার উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক, শাহবাজের শিকার তিনটি। বাকিদের মধ্যে আমির গনি দুটি এবং মহম্মদ কাইফ একটি উইকেট নেন।
রঞ্জি অভিযানের শুরুতেই পরপর দুই জয়ে আত্মবিশ্বাসী বাংলা। পরের ম্যাচে অভিমন্যুদের প্রতিপক্ষ কেরল, খেলা সেখানকার মাঠে। অ্যাওয়ে ম্যাচেও কি জয়ের ধারা বজায় রাখতে পারবে বাংলা?
