৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে ক্যানসারের ওষুধের দাম
স্বস্তির খবর। ক্যানসারের ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চকে জানিয়েছেন, ক্যানসারের ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য ৩০ শতাংশ পর্যন্ত ট্রেড মার্জিন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভিজ্ঞ মহলের ধারণা, এর ফলে ক্যানসারের ওষুধের এমআরপি ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
সলিসিটর জেনারেল জানিয়েছেন, গত ৮ অক্টোবর অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যানসারের ওষুধের একটি তালিকা প্রকাশ করবে কেন্দ্র সরকার। সেগুলির ওপরেই এই নিয়ম প্রযোজ্য হবে। বাজারের পরিস্থিতি এবং জনস্বাস্থ্যের প্রয়োজন অনুসারে বারে বারে এই তালিকায় নতুন ওষুধ যোগ করা হবে।
তুষার মেহতা জানিয়েছেন, বিভিন্ন জায়গাতে ওষুধের খুচরো বিক্রেতারা বেশি লাভ রেখে স্থানীয় ব্র্যান্ডের প্রচার করে থাকেন। সরকার এই ধরণের কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে। কারা, কোথায় এ ধরণের অবৈধ কাজকর্ম করছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছিল যে, কিছু কিছু ক্যানসারের ওষুধের এমআরপি খুচরো বিক্রেতার মূল্যের চেয়ে দশ গুণ পর্যন্ত বেশি। প্রশ্ন তোলা হয়েছিল, ২,৭০০ টাকার ওষুধ কী করে ২৭ হাজার টাকার হতে পারে? কেন্দ্রের তরফে স্বীকারও করে নেওয়া হয়েছে যে, অভিযোগ হাসপাতালগুলি বেশি হারে ট্রেড মার্জিন দেওয়া সংস্থাগুলির কাছ থেকে ক্যানসারের ওষুধ কিনে রোগীদের কাছে তা এমআরপি-তে বিক্রি করছে। এক্ষেত্রে মার্জিন ১৭০ থেকে ৭০০ শতাংশ বা তারও বেশি বলে জানা গিয়েছিল।
