বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

গণতন্ত্র রক্ষার লড়াই থামবে না, বিরোধীদের চা চক্রের শেষে বার্তা রাহুল গান্ধীর

13 October, 2026 6:35 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: মঙ্গলবার নিজের বাসভবনে চা চক্রের আয়োজন করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই চা চক্রে ইন্ডিয়া জোটের নেতাদের, নাগরিক সমাজের সদস্যদের এবং ছাত্র সংগঠনগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন রাহুল। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর কৌশল স্থির করতেই এই বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। ইতিমধ্যেই, সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন দাখিল করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল এবং সিপিএম সাংসদ জন ব্রিটাস। ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই শীর্ষ আদালতে এই আবেদন দাখিল করেছে কংগ্রেস এবং বাম নেতৃত্ব। ১০ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিষয়টি নিয়ে দায়ের করা আদালত অবমাননার আবেদনে তাঁরা ইন্টারভেনশন অ্যাপ্লিকেশনের আবেদন জমা দিয়েছেন।

 

আমন্ত্রণপত্র অনুযায়ী, বিকেল ৪টেয় নয়াদিল্লির ৫, সুনহেরি বাগ রোডে তাঁর বাসভবনে এই চা-চক্রের আলোচনা শুরু হয়েছে। বৈঠক শেষে যৌথ সাংবাদিক বৈঠক করে পরবর্তী পদক্ষেপ ও কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী ফের দাবি করেন নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার তালিকা সংশোধনের নামে বহু মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন যে চাপের মুখে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ঘুম হচ্ছে না। তিনি জানান যে ইন্ডিয়া জোটের নেতারা একসঙ্গে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করতে যাবেন। প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। রাহুল গান্ধী জোর দিয়ে বলেন যে সরকার বা পুলিশ যতই বাধা দিক না কেন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার এই লড়াই থামবে না। এই আন্দোলনে ছাত্র ও যুব সমাজের এগিয়ে আসায় একটি বড় জয় হিসেবে উল্লেখ করেন। এর আগে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিরোধী নেতারা। সোমবার দিল্লিতে মার্চ ফর ডেমোক্র্যাসি কর্মসূচিতে অংশ নেন ইন্ডিয়া জোটের একাধিক নেতা, আন্দোলনকারী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টের দিকে মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করলে ভগবান দাস রোডের দ্বিতীয় ব্যারিকেডের কাছে তাঁদের আটকে দেওয়া হয়। এই আবহে মঙ্গলবার জোটের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের সদস্য এবং ছাত্র সংগঠনগুলিকে নিজের বাসভবনে চা-চক্রের আমন্ত্রণ জানিয়েছেন রাহুল গান্ধী। আলোচনার শেষে সবাই জানান, ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা।

 

প্রতিবেদন

Sandipan Saha