বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

অনুজীবই খেয়ে ফেলে অন্ত্রের প্রাচীর!‌

22 August, 2026 5:11 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সুনেত্রা সেনগুপ্ত :  শরীর সুস্থ রাখার জন্য উপকারী ব্যাকটেরিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্ত্রের মধ্যে থাকা কয়েক কোটি অনুজীব হজমের সমস্যা থেকে শরীরকে রক্ষা করা এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপকারী ব্যাকটেরিয়াগুলো মূলত নিজেদের বাঁচিয়ে রাখার জন্য মূলত আঁশযুক্ত খাবার বা ফাইবারের ওপর নির্ভরশীল। কিন্তু খাবারের মধ্যে ফাইবারের অভাব ঘটলে তখনই হয় মুশকিল। অনুজীবগুলো তাদের বেঁচে থাকার জন্য অন্ত্রের ভেতরের প্রয়োজনীয় অংশ মিউকাসের আবরণকে খেয়ে ফেলে। যা মারাত্মক আকার নিতে পারে।

খাবারের স্বাভাবিক অভ্যেসের সামান্য হেরফের কীভাবে দেহের মধ্যেকার সুরক্ষাবলয় ভেঙে গুঁড়িয়ে দিতে পারে সে বিষয়ে সম্প্রতি সামনে এসেছে একটি সমীক্ষা রিপোর্ট।

প্রিন্সটন ইউনিভার্সিটির লুডভিগ ইন্সটিটিউট ফর ক্যান্সার রিসার্চের গবেষকদের করা এই অনুসন্ধান প্রকাশিত হয়েছে প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি এবং নেচার মেটাবলিজম পত্রিকায়। সেখানে গবেষকরা জানিয়েছেন, শাকসবজি কীভাবে তন্ত্রের অনুজীবদের আচরণ এবং কার্যকলাপে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই গবেষণার ফলে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, শুধুমাত্র আঁশ জাতীয় খাবারই নয়, গাছপালার মধ্যে থাকা এক ধরণের অপাচ্য প্রোটিনও অন্ত্রের রক্ষাকবচ হয়ে উঠতে পারে।

ইঁদুর এবং মানবকোষে আইসোটোপ ট্র্যাকিং–এর ফলে দেখা গেছে, টাইরোসিন নামের অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হওয়া ক্ষতিকর ফেনল জাতীয় উপাদান মূলত অন্ত্রের নিজস্ব শ্লেষ্মার স্তর ব্যাকটেরিয়ার খাবারে পরিণত হলে তৈরি হয়। গবেষক জেনা আবুসালিম ও জোসুয়া রবিনোভিচের মতে, ফাইবার অন্ত্রের মিউকাস স্তর ক্ষয় হওয়া থেকে রক্ষা করে এবং ক্ষতিকর রাসায়নিকের প্রবাহ কমায়। গবেষণায় দেখা গেছে, অতীতে মাইক্রোবায়োমের অবদান হিসেবে পরিচিত বেশ কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান স্তন্যপায়ী প্রাণীর নিজস্ব বিপাকপ্রক্রিয়ার মাধ্যমেও তৈরি হতে পারে। যা অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরও শরীরে বজায় থাকে।

এই আবিষ্কার অন্ত্রের মাইক্রোবায়োম নিয়ন্ত্রণের নতুন দিগন্ত খুলে দিয়েছে। এর ফলে আগামীদিনে পুষ্টিবিদদেরও নতুন করে ভাবনার দরজা খুলে দিল। ‌

প্রতিবেদন

Lopa Bhowmik