বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি, সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প

21 October, 2026 10:21 AM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: দশমীতে নয়াদিল্লির জন্য এল সম্ভাব্য স্বস্তির বার্তা। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা অনেকটা পথ এগিয়েছে, এখন শুধু সই হওয়া বাকি। সঙ্গে ট্রাম্পের ইঙ্গিত, ওয়াশিংটনের আগের বাণিজ্যচুক্তিগুলির ছাঁচে এই চুক্তি হচ্ছে না, এর ধরন হবে আলাদা। যদিও কোন কোন শর্তে চুক্তি হতে পারে, সে ব্যাপারে মুখ খোলেননি তিনি। ভারতের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ভারত চুক্তিতে আগ্রহী, দু’পক্ষের মধ্যে সমঝোতা হবে এবং আলোচনা প্রায় শেষ পর্যায়ে। তাঁর মন্তব্য, এই চুক্তি আগের চুক্তিগুলির মতো হবে না।

এই মন্তব্যের সময়ই ভারতে রয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ-সহ একাধিক ক্ষেত্রে সম্পর্ক মজবুত করা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। কূটনীতিকদের মতে, সেই আবহে ট্রাম্পের কথা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আলোচনা চলছে বেশ কিছু দিন ধরেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে চুক্তির প্রথম পর্যায়ের কাঠামো চূড়ান্ত করার কথা জানিয়েছিল দু’দেশ। কিন্তু মার্কিন শুল্কনীতি বদলে যাওয়ায় হিসেব পাল্টেছে, বিভিন্ন বিষয়ে ফের নতুন করে দরকষাকষি করতে হচ্ছে দুই পক্ষকে। চলতি মাসের গোড়ায় কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল মার্কিন বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ারের সঙ্গে মিলওয়াকি ও ওয়াশিংটনে বৈঠক করেন, চুক্তির খুঁটিনাটি এগিয়ে নিয়ে যাওয়াই ছিল লক্ষ্য।

ভারতের সঙ্গে জ্বালানি বাণিজ্য বাড়ানোর কথাও বলেছেন রুবিও। মার্কিন প্রযুক্তি ও সরঞ্জাম আরও বেশি কেনার জন্য নয়াদিল্লিকে উৎসাহ দিয়েছেন তিনি। ভারতের অপরিশোধিত তেল পরিশোধনের ক্ষমতার প্রশংসা করে দেশটিকে ‘সুপারপাওয়ার’ বলেছেন মার্কিন বিদেশসচিব। পাশাপাশি ভারতে আরও বেশি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিশোধনের পক্ষেও সওয়াল করেছেন তিনি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছে দু’দেশ এবং দ্রুত চুক্তি চূড়ান্ত করতেও তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে শুল্কনীতি নিয়ে মতপার্থক্যের মধ্যে শেষ পর্যন্ত কোন শর্তে সমঝোতা হয়, এখন সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মহল।

প্রতিবেদন

UTSAB RC