বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

ভারতীয় সংস্কৃতির শত্রুদের বিরুদ্ধে একজোট হবে দেশ, দশেরার মঞ্চে বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রীর

21 October, 2026 10:30 AM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: দশেরার মঞ্চ থেকে দেশের সম্মান ক্ষুণ্ণ করা, সমাজে বিভেদ তৈরি করা এবং ভারতীয় সংস্কৃতিকে ঘৃণা করা শক্তির বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দিল্লির রামলীলা ময়দানে দশেরার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এই শক্তিদের চিহ্নিত করে পরাজিত করতে হবে। ভারতকে বিভক্ত করার চেষ্টার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি স্বনির্ভরতার উপরেও জোর দেন তিনি।

বক্তব্যের শুরুতে মোদি বলেন, দশেরা শুধু দেশজুড়ে পালিত একটি উৎসব নয়, এটি ভারতের জীবনীশক্তির প্রতীক এবং অশুভের বিরুদ্ধে শুভের জয়ের উদযাপন। প্রভু শ্রীরাম, মা জানকী ও বজরংবলীর চরণে প্রণাম জানিয়ে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান। এর পরেই দেশের শত্রুদের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, যে শক্তি দেশের সম্মান নষ্ট করে, সমাজে বিভাজন ছড়ায় এবং ভারতীয় সংস্কৃতিকে ঘৃণা করে, তাদের চিহ্নিত করা প্রয়োজন। বিজয়া দশমীর শুভক্ষণে সেই সংকল্প নতুন করে নেওয়ার ডাক দেন তিনি। মা ভারতীর শত্রুদের পরাজিত করতে সকলকে একযোগে এগিয়ে আসার বার্তাও দেন মোদি।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির বিক্ষোভ চলছে। তাতে যোগ দিয়েছে কংগ্রেস, মমতার তৃণমূল ও আপের মতো দল। দিল্লিতে ধুন্ধুমার পরিস্থিতি। এই আবহে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও ভাষণে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের নাম করেননি তিনি। বক্তব্যে স্বনির্ভর ভারত গড়ার লক্ষ্যও তুলে ধরেন মোদি। তাঁর মতে, কোনও দেশকে এগিয়ে যেতে হলে নিজের সম্পদ কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মেটানোর সক্ষমতা অর্জন করতে হবে। রামের জীবন ও আদর্শের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিজেদের সম্পদ ব্যবহার করে কীভাবে নানা সমস্যার সমাধান করা যায়, সেই শিক্ষাও রামের আদর্শ থেকে পাওয়া যায়।

প্রধানমন্ত্রীর কথায়, রামলীলাকে কেন্দ্র করে গোটা দেশ এখন উৎসবের আবহে মেতে। ভগবান রামের আদর্শ আগামী দিনের পথ দেখাবে। সহজ পথ বেছে না নিয়ে তিনি নানা সংকটের মোকাবিলা করেছিলেন এবং ধর্মের পথে থেকেই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছিলেন। সেই কারণেই দশেরা ভারতের প্রাণশক্তির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে মন্তব্য করেন মোদি।

প্রতিবেদন

UTSAB RC