হিংসাদীর্ণ মণিপুরে ফের কুকি হামলায় ৩ জনের মৃত্যু, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দেহ রেখে বিক্ষোভ
ইম্ফল: ফের হিংসার আগুন জ্বলে উঠল মণিপুরে। সন্দেহভাজন কুকি জঙ্গিদের হামলায় তিনজনের মৃত্যুর খবর ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে। সোমবার, ১৯ অক্টোবর, মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিংয়ের ইম্ফলের বাসভবনের সামনে নিহতদের দেহ নিয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
ঘটনাটি ঘটে ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী খংবাল সুনুরোক এলাকায়। সোমবার সকালে গ্রামের কয়েক জন বাসিন্দা জ্বালানি কাঠ সংগ্রহ করতে পাহাড়ি এলাকায় গিয়েছিলেন। সেখানেই তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। হামলায় তিন মেইতেই পুরুষের মৃত্যু হয়েছে। নিহতদের নাম অরুবাম রনিল (৩৫), লেইরেনলাকপাম ইনাওবি (৪৪) এবং ক্ষেত্রিমায়ুম সুশীল (৩২)। আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের ইম্ফলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।
হামলার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিহতদের মধ্যে দু’জনের দেহ নিয়ে তাঁরা ইম্ফলে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের মূল ফটকের সামনে পৌঁছে যান। রাজ্যে লাগাতার হিংসা বন্ধ করতে এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে দেহগুলি হাসপাতালে মর্গে পাঠানো হয়।
স্থানীয় বিধায়ক থোকচোম লোকেশোর সিংয়ের অভিযোগ, এই হামলার পিছনে কুকি-জো জঙ্গিদের হাত থাকতে পারে। হামলার তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার পূর্ণ বিবরণ এখনও তদন্তসাপেক্ষ।
