বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

টাইগারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ধৃত ৩

19 October, 2026 1:23 PM Lopa Bhowmik
শেয়ার করুন

মুম্বই:‌অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ‍্য করে গুলি চালানো এবং খুনের চেষ্টার ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। রাজস্থানের কোটা স্টেশন থেকে তাদের পাকড়াও করা হয়। জানা গেছে, ধৃতদের মধ্যে ২জন হরিয়ানার এবং ১ জন মহারাষ্ট্রের বাসিন্দা। তদন্তকারী আধিকারিকরা দাবি করেছেন, অভিযুক্তদের সকলের সঙ্গে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের ভালরকম যোগ রয়েছে।
তদন্তকারীদের ধারণা, এই হামলার জন্য প্রশিক্ষিত আততায়ীদেরই বেছে নেওয়া হয়েছিল। হামলা চালানোর আগে টাইগারের যাবতীয় গতিবিধির ওপর নজরদারি চালিয়েছিল তারা। অভিনেতার সম্পর্কে সবরকম খোঁজখবর নিয়েই হামলার নকশা সাজানো হয়েছিল।
তদন্তকারীরা অনুমান করছেন, প্রতি রবিবার যে টাইগার জুহুর ফুটবল মাঠে যান সেটা আততায়ীরা জানতেন। সেই কারণেই রবিবার মাঠ থেকে গাড়িতে করে ফেরার সময়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা করা হয়েছিল।
গুলি চালানোর পরে কীভাবে কোন রাস্তা দিয়ে তাড়াতাড়ি চম্পট দেওয়া যাবে সেই ছকও আগে থেকেই কষে রাখা হয়েছিল। হামলার পর মুম্বইয়ের ভিলে পারলে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে এগিয়ে যায় তারা। পরে আন্ধেরি পশ্চিম রেল স্টেশনের কাছে মোটরবাইক ফেলে রেখে বরিভেলিরর দিকে যাওয়ার ট্রেনে ওঠে।এরপর পুলিশকে ফাঁকি দিয়ে মহারাষ্ট্র ছেড়ে গুজরাতে ঢুকে পড়েছিল অভিযুক্তেরা।

এদিকে রবিবারের ঘটনার পর নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র সরকার। মুম্বই পুলিশ এবং ক্রাইম ব্র‌্যাঞ্চের উদ্যোগে ১৫ দল গড়ে শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থল থেকে ব্যালিস্টিক প্রমাণ সংগ্রহ করেছে ফরেনসিক দল। জানা গেছে, টাইগারের বিষয়ে পুলিশ কমিশনের দেবেশ ভারতীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। জানিয়েছেন, মুম্বইয়ে আর কোনও গ্যাংওয়ার ঘটতে দেওয়া হবে না। এদিকে আহত টাইগারের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি আততায়ীদের উদ্দেশ্য করে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‌মুম্বইতে কারোর দাদাগারি মেনে নেওয়া হবে না। শহরে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে আধিপত্য বিস্তার করার চেষ্টা বরদাস্ত করা হবে না।’‌

প্রতিবেদন

Lopa Bhowmik