মুম্বইতে টাইগার শ্রফকে লক্ষ্য করে চলল গুলি
সংবাদদাতা, মুম্বই: বরাত জোরে বাঁচলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তাঁকে লক্ষ্য করে চলল গুলি। ঘটনায় জখম হয়েছেন অভিনেতার গাড়ির চালক এবং একজন অটোরিক্সা চালক। জানা গেছে, রবিবার সন্ধেয় মুম্বইয়ের জুহু এলাকায় অভিনেতার বাড়ির সামনেই তাঁকে নিশানা করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় ৩ দুষ্কৃতি। পুলিশ সূত্রে খবর, টাইগারের বিএমডব্লিউ গাড়িটিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয়। আহত চালককে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একটি সূত্র জানাচ্ছে, এই হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের দল। অনিল পণ্ডিত এবং অনিল হরমন সান্ধু নামে দুই ব্যক্তি ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, টাইগারকে লক্ষ্য করে গুলি চালানোর নেপথ্যে রয়েছেন তাঁরা। পোস্টটি করা হয়েছে হিন্দিতে। যার বাংলা করলে হয়, ‘আমরা ওঁকে ফোন করেছিলাম। বিষয়টা বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি বোঝেননি। তাই আজ, আমরা সবটা ওঁকে ব্যাখ্যা করব বলে সিদ্ধান্ত নিই।’ সেখানে আরও লেখা হয়েছে, ‘মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যে বা যাঁরা আমাদের কথা শুনবেন না এবং সলমন খানের সঙ্গে কাজ করবেন, তাঁরাই আমাদের পরবর্তী লক্ষ্য। দেখতে থাকুন।’ খবর, এই দুই ব্যক্তি বিষ্ণোই গ্যাংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ। কুখ্যাত এবং সুসংগঠিত এই অপরাধী চক্রে প্রধান গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যার আসল নাম বলকরণ ব্রার। বর্তমানে রয়েছেন জেলে। কিন্তু সেখান থেকেই একের পর এক হামলার ঘটনার ছক তৈরি এবং ঘটানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিকবার সলমন খানের ওপর হামলা হয়েছে কৃষ্ণসার হরিণ হত্যাকে কেন্দ্র করে। সম্প্রতি রোহিত শেট্টির কাছে মোটা টাকা চেয়ে না পাওয়ায় তাঁর বাড়িতেও গুলি চলায় এই দল। এবার তাদের নিশানায় জ্যাকি–পুত্র।
