‘ইন্টেলেকচুয়াল ট্র্যাপ’! শিক্ষাবিদ পরিচয়ে প্রতিরক্ষা–তথ্য হাতানোয় অভিযুক্ত চিনা এজেন্ট
সংবাদদাতা, নয়াদিল্লি: তেলেঙ্গানার এক সেনা আধিকারিকের স্ত্রীর সঙ্গে শিক্ষাবিদ পরিচয়ে সখ্য গড়ে তুলে প্রতিরক্ষা বিষয়ক তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ। নিশানায় চিনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত কয়েক জন ব্যক্তি। জানা গেছে অভিযুক্ত মহিলা বর্তমানে তাঁর স্বামীর সঙ্গে জম্মুর গান্ধীনগর এলাকায় থাকেন। কিছুদিন আগেই কয়েকজন চিনা ব্যক্তি নিজেদের শিক্ষাবিদ পরিচয় দিয়ে মহিলার সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। তারা ওই মহিলাকে পরিবেশ ও বিশ্ব রাজনীতি বিষয়ে লেখালেখির জন্য বলেন। এরপর ধীরে ধীরে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে লেখালেখি ও মতবিনিময় করতে উৎসাহিত করেন মহিলাকে। তদন্তকারী সংস্থাগুলির প্রাথমিক অনুমান, এর পিছনে উদ্দেশ্য ছিল ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত সংবেদনশীল তথ্য সংগ্রহ করা। গোয়েন্দাদের আরও ধারণা, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক গোপন তথ্য পৌঁছে দিয়ে থাকতে পারেন ওই মিহাল। ঠিক কী কী তথ্য সংগ্রহ করা হয়েছিল এবং সেই সব তথ্য কাদের কাছে পাঠানো হয়েছিল সে বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত জানায়নি। এই ঘটনাকে ‘ইন্টেলেকচুয়াল ট্র্যাপ’ বা বুদ্ধিবৃত্তিক ফাঁদ হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ লেখালিখি ও গবেষণার কাজের আড়ালে সংবেদনশীল বিষয়ে তথ্য প্রাপ্তির চেষ্টা। তদন্তকারীরা মনে করছেন, এনক্রিপ্টেড যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই তথ্য পাঠানো হয়ে থাকতে পারে। পুলিশের ইনপুটে চিনের পাশাপাশি অন্য বিদেশি দেশের কথাও উল্লেখ রয়েছে।
