চোরবাগান বিপর্যয় কাণ্ডে ধৃত ৭ অভিযুক্তের ১০ দিনের পুলিশ হেপাজত
সংবাদদাতা, কলকাতা: চোরবাগান দুর্ঘটনা কাণ্ডে ৭ অভিযুক্তকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। রবিবার দুপুরে এই ৭ জনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে গিরিশ পার্ক থানা পুলিশ। সরকারি আইনজীবী নিজের আবেদনে এই অভিযুক্তদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়ার জন্য বিচারকের কাছে আর্জি জানান। তাঁর আপিল ছিল, এই অভিযুক্তদের জন্য ১৯ জন প্রাণ হারিয়েছেন। যার ফলে অনেক পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। অন্যদিকে দুই অভিযুক্ত পিন্টু দে ও কৌশিক সাহার আইনজীবী ইয়াসিন রেহমান আদালতে জানান, সমাজসেবা এবং প্রাণ বাঁচানোর জন্য পুলিশ তাঁর দুই মক্কেলকে গ্রেপ্তার করেছে। দুই পক্ষের সওয়াল জবাবের পর বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
শুনানির পর দুই অভিযুক্তের আইনজীবী জানান, তাঁর মক্কেল কোনও ভাবেই আয়োজকদের সঙ্গে যুক্ত নন। ঘটনার সময় এই দু’জনই উদ্ধারের কাজ করতে গিয়েছিলেন। তার পরেই পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ১০৫, ১১০ এবং ৩ (৫) নম্বর ধারায় মামলা রুজু করেছে গিরিশ পার্ক থানা পুলিশ। একই ভাবে আর এক অভিযুক্ত রাজকুমার শেওড়া ওরফে রাজার আইনজীবী নাফিস ফাতিমা জানান, তাঁর মক্কেল কোনওভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁরা পুজো দেখতে গিয়েছিলেন। তারপরেও তাঁদেরকে গ্রেপ্তার করে আগামী ২৮ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী।
এদিন শুনানির শেষে অভিযুক্তদের গিরিশ পার্ক থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। আরও কে কে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবে গিরিশ পার্ক থানা তদন্তকারী পুলিশ আধিকারিকরা।
