চোরবাগানের ঘটনায় দুঃখপ্রকাশ সৌরভের
সংবাদদাতা, কলকাতা: প্রতি বছরের রীতি মেনে এবারও মহা অষ্টমীতে নিজের পাড়ার দুর্গাপুজোয় হাজির হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বেহালা প্লেয়ার্স কর্নারের পুজোয় সৌরভের সঙ্গেই যোগ দেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা। এদিন সকালে মণ্ডপে গিয়ে পরিচিত, বন্ধু–বান্ধবদের সঙ্গে কথাবার্তা বলেন সৌরভ। অংশ নেন অষ্টমীর সন্ধিপুজোতেও। এদিন বেশ খোশমেজাজেই দেখা গেল বাঙালির ‘দাদা’কে। সেখানেই চোরবাগানের পুজো মণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন সৌরভ। পুজোর সময় ভিড়ের মধ্যে মানুষজনকে সতর্ক হয়, বুঝেশুনে চলাফেরা করার পরামর্শ দেন সৌরভ। জানান, পুজোর বাকি দিনগুলো নিজের বাড়িতেই থাকবেন। সঙ্গে নিজের পাড়ার পুজোযতেও উপস্থিত থাকবেন।
