পুজো পর্যন্ত স্থগিত আন্দোলন, জানালেন রাহুল, ঠিক হয়ে গেল ইন্ডি জোটের পরবর্তী কৌশল
নয়াদিল্লি, ১৩ অক্টোবর: নবরাত্রি পর্যন্ত কোনও আন্দোলন বা মিছিল-মিটিং স্থগিত। রাহুল গান্ধীর বাসভবনে আন্দোলনের পরবর্তী কৌশল ঠিক করে এমনই সিদ্ধান্ত ইন্ডি জোটের। আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের নেতারা একটি কর্মসূচি করবেন। এদিন বৈঠকে এটিও ঠিক করেছেন বিরোধী নেতারা। বৈঠক শেষে রাহুল গান্ধী জানান, নির্বাচনী অনিয়মের অভিযোগে INDIA ব্লকের প্রতিবাদের লক্ষ্য একটাই, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। আর ইন্ডি জোট সেটা চালিয়ে য়াবে। INDIA ব্লকের নেতা, বিরোধী সাংসদ ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর বক্তব্য রাখেন তিনি। রাহুলের দাবি, বিরোধীদের কোনও আলাদা প্রতিবাদ নেই, প্রতিবাদ একটাই এবং সকলে মিলে সেটাই করছেন। তাঁর অভিযোগ, দেশে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, নির্বাচন কমিশনকেও নষ্ট করা হয়েছে এবং সংবিধানকে ভুলভাবে ব্য়বহার করা হয়েছে।
জানা গিয়েছে, বাংলায় দুর্গাপুজোর জন্য় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলনে বিরতি দেওয়ার কথা বলা হয়। বাকি রাজ্যেও নবরাত্রি এবং দশেরার উৎসব আছে। আর সেই কথা মাথায় রেখেই আপাতত প্রতিবাদ কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে রাখছেন বিরোধীরা। সূত্রের খবর, আপাতত সাংসদ, নেতাদের নিজের নিজের রাজ্যে ফিরতে বলা হয়েছে। প্রতিবাদের জায়গা হিসেবে যন্তর মন্তরকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। এদিন কেন্দ্রের সিদ্ধান্তকে চরম কটাক্ষ করেন রাহুল। তিনি জানান, কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেই বিরোধীরা। তাঁর বক্তব্য, জনগণ নিজেদের কণ্ঠস্বরের জন্য লড়বে না, এটা সরকার কীভাবে ঠিক করে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংবিধান ধ্বংসের ‘মূল কারিগর’ বলে অভিযুক্ত করেন রাহুল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও দায়ী করে তিনি বলেন, এঁদের এবার “জাল গুটিয়ে আসছে” এবং সংবিধান ধ্বংস করে পার পাওয়া এত সহজ হবে না।
বৈঠকের পর কেরলের মন্ত্রী রমেশ চেন্নিথালা বলেন, INDIA ব্লক ও কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তাঁর অভিযোগ, জ্ঞানেশ কুমার নির্বাচনী প্রক্রিয়ার ক্ষতি করেছেন। চেন্নিথালা আরও দাবি করেন, প্রায় ২০ বছর আগে কেরলে PWD সচিব থাকাকালীন জ্ঞানেশ কুমারের আচরণ ও দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি ফাইল রাজ্য সরকার খতিয়ে দেখছে। ফাইলটি তাঁর রাজ্যের দুর্নীতি দমন শাখার কাছে আছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে বিজেপি সাংসদ জগদম্বিকা পাল INDIA ব্লকের বৈঠক নিয়ে রাহুলের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠানের মানহানি করতে রাহুল দেশকে বিভ্রান্ত করছেন।
