উৎসবের মরশুমে স্বস্তি: ২ হাজার টাকার বেশি UPI লেনদেনে আপাতত লাগছে না চার্জ
সংবাদদাতা, নয়াদিল্লি: পুজোর মুখে ব্যবসায়ীদের জন্য সুখবর। ২ হাজার টাকার বেশি UPI পেমেন্টে ১৫ অক্টোবর থেকে এমডিআর (MDR) চার্জ চালুর যে সিদ্ধান্ত হয়েছিল, তা আপাতত স্থগিত। মঙ্গলবার, ১৩ অক্টোবর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)। এ নিয়ে জল্পনা চলছিল আগে থেকেই, এ দিন তা সত্যি হল।
আগের নির্দেশিকা অনুযায়ী, দুর্গাপুজোর সময়, অর্থাৎ ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট পার্সন-টু-মার্চেন্ট (P2M) UPI লেনদেনে এমডিআর চার্জ কার্যকর হওয়ার কথা ছিল। গত মাসেই UPI পরিচালন কমিটি ঠিক করেছিল, ২ হাজার টাকার বেশি লেনদেনে ০.৪ শতাংশ হারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) ধার্য করা হবে। এই চার্জ দিতে হবে ব্যবসায়ীকে। গ্রাহকের পকেট থেকে আলাদা কিছু কাটার কথা নয়। উদাহরণ হিসেবে, ১০ হাজার টাকার লেনদেনে ০.৪ শতাংশ হারে চার্জ দাঁড়াত ৪০ টাকা।
উৎসবের মরশুমে ব্য়বসায়ীদের বিক্রি-ক্রয় নিয়ে চাপ থাকে। এই সময়ে নতুন চার্জের বোঝা চাপলে ক্ষতি হবে, এই যুক্তিতে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন ব্যবসায়ীরা। সেই আবেদনের ভিত্তিতেই মঙ্গলবার বৈঠকে বসে UPI অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। বৈঠকে ঠিক হয়, দীপাবলির পরেই নতুন চার্জ কার্যকর করা হবে। কালীপুজোর পর, সম্ভবত নভেম্বরে এই চার্জ চালু হতে পারে। তবে নির্দিষ্ট কোন দিন থেকে নিয়ম কার্যকর হবে, তা আলাদা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
