বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পুজোর মরশুমে আইন ভাঙলে কড়া ব্যবস্থা, সিউড়িতে পুজো কমিটিগুলিকে সতর্ক করল পুলিশ

13 October, 2026 7:10 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, সিউড়ি: পুজোর আনন্দে কোনওরকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। উৎসবের মরশুমে শহরের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুজো কমিটিগুলিকে এমনই বার্তা দিল সিউড়ি থানার পুলিশ। মঙ্গলবার সিউড়ির ডিআরডিসি হলে পুজো কমিটিগুলিকে নিয়ে আয়োজিত এক কর্মসূচিতে যান নিয়ন্ত্রণের পরিকল্পনা জানানোর পাশাপাশি আইন মেনে উৎসব পালনের নির্দেশ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ থেকে ২৩ তারিখ পর্যন্ত সিউড়ি ও দুবরাজপুরে প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত যান চলাচলে বিধিনিষেধ জারি থাকবে। তিন চাকার যান থেকে শুরু করে ছোট ও বড় গাড়ি— সব ধরনের যানবাহনের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পুজোর দিনগুলিতে রাস্তায় ভিড় নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

এদিনের অনুষ্ঠানে সরকারি পুজো অনুদানও তুলে দেওয়া হয়। সিউড়ি থানা এলাকার মোট ২২৯টি পুজো কমিটি অনুদানের জন্য আবেদন করেছিল। পুলিশ সূত্রে খবর, আবেদনকারী সব কমিটিকেই অনুদান দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পুজো কমিটির প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অন্যদিকে, উৎসবের সময় আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক করেন আইসি শৈলেন্দ্র উপাধ্যায়। নেশা করে গোলমাল, অশান্তি সৃষ্টি কিংবা আইনবিরুদ্ধ কোনও কাজ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি। কোনও অপ্রীতিকর ঘটনায় পুলিশকে হস্তক্ষেপ করতে হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

সব মিলিয়ে পুজোর প্রস্তুতির পাশাপাশি যান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর সিউড়ি থানার পুলিশ। উৎসবের আনন্দ যাতে কোনওভাবেই অশান্তির কারণ না হয়ে ওঠে, সেই লক্ষ্যেই পুজো কমিটিগুলিকে সতর্ক করল প্রশাসন।

 

প্রতিবেদন

Sandipan Saha