রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথি গোষ্ঠীর, বিমান চলাচল ব্যাহত
রিয়াদ: বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দর জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ইয়েমেনের ইরানপন্থী হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা সৌদি রাজধানীর বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পরে দাঁড়িয়ে থাকা একটি বিমান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। হামলার জেরে বিমান চলাচল ব্যাহত হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, একজন প্রত্যক্ষদর্শী এবং বিষয়টি সম্পর্কে অবহিত তিনজনের বরাতে জানিয়েছে, বিমানবন্দরে একটি স্থির বিমান থেকে ধোঁয়া উঠছিল। ফ্লাইট-ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪ এক্স-এ জানায়, রিয়াদ বিমানবন্দর আবার বন্ধ করা হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, শেষ বিমান নামে ৮০ মিনিটের বেশি আগে এবং শেষ উড়ান হয় ৯০ মিনিটের বেশি আগে। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বহু ফ্লাইট দেরিতে ওঠানামা করছে বলেও সংস্থাটির ডেটায় দেখা গেছে।
হুথিরা বলেছে, তারা রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সঙ্গে তারা আবার হুঁশিয়ারি দিয়েছে যে সৌদি আকাশসীমা বন্ধ করে দিতে বাধ্য করতে পারে। এই অঞ্চলের বিমান সংস্থা ও বিমানবন্দরগুলোকেও তারা সতর্ক করেছে, ফলে বাণিজ্যিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের অভিযানে বেশ তাৎপর্যপূর্ণ। বহু বছর স্থিমিত থাকার পর ইয়েমেনের গৃহযুদ্ধ আবার জ্বলে উঠেছে, যা বৃহত্তর মার্কিন-ইরান সংঘাতের অংশ। রিয়াদ হুথিদের বিরুদ্ধে নতুন করে লড়াইয়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীকে সমর্থন দেওয়ার পর থেকে গোষ্ঠীটি সৌদি শহর ও অবকাঠামোয় হামলা বাড়িয়েছে। সৌদি সরকার এই হামলা বা বিমানবন্দরের ব্যাঘাত নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। বুধবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এই সপ্তাহে রিয়াদ ও দক্ষিণ-পশ্চিমের আবহা বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন।
