পুজোর আগে কলকাতার রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের নজরদারি
সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজোর আনন্দকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রাখতে ফের আসরে নামল কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দপ্তর। উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও খাবারের দোকানের পরিচ্ছন্নতা এবং খাবারের গুণমান খতিয়ে দেখতে বিশেষ অভিযান চালাল পুরসভা। বৃহস্পতিবার উত্তর কলকাতার ব্যস্ত হাতিবাগান এলাকায় একাধিক রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। কস্তুরী, আহারে বাঙালি, কলকাতার রাজবাড়ি, এবং ভূতের রাজা দিল বর-এর মতো নামী রেস্তোরাঁগুলিতে পৌঁছোন আধিকারিকরা। রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাবার ও মশলা সঠিক উপায়ে সংরক্ষণ এবং প্যাকেটজাত বা সংরক্ষিত খাবারের মেয়াদ যাচাই করা। জানা গেছে,অভিযানের সময় এই রেস্তোরাঁগুলিতে বেশ কিছু গুরুতর ত্রুটি ধরা পড়ে। অনেক জায়গায় খাবার খোলা অবস্থায় রাখা ছিল।মশলা ও গ্রেভির পাত্রে কোনও প্রস্তুতকরণের তারিখ বা ডেট মার্ক ছিল না। ফ্রিজে দীর্ঘদিন ধরে সংরক্ষিত বেশ কিছু পরিমাণ মাছ ও মাংস উদ্ধার হয়। যা সঙ্গে সঙ্গে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একটি দোকানে মেয়াদোত্তীর্ণ এবং লেবেলহীন পাউরুটি মজুত করা ছিল। সেগুলি বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়। খাবারের গুণগতমান যাচাই করতে প্রতিটি রেস্তোরাঁ থেকে রান্না করা খাবার ও বিভিন্ন মশলার নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট আসার পর খাবারের মান যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে জানানো হয়েছে, উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ধরনের অভিযান আগামী দিনেও চালিয়ে যাওয়া হবে। খাবারের গুণগত মানে গাফিলতি বরদাস্ত করা হবে না। পুজোর কদিন বাইরে খাওয়াদাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা এবং কোনও সন্দেহজনক বা নিম্নমানের খাবার দেখলে অবিলম্বে স্থানীয় পুরসভাকে জানানোর অনুরোধ জানানো হয়।
