বিয়েতে এক পদের খাবার পরিবেশন, পশ্চিম এশিয়ার যুদ্ধে চরম জ্বালানি সংকটে পাকিস্তান
ইসলামাবাদ: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে পাকিস্তান। প্রাকৃতিক গ্যাস (এলএনজি), পেট্রোল ও ডিজেলের আকাশছোঁয়া দাম এবং সরবরাহ ঘাটতি সামাল দিতে দেশজুড়ে নজিরবিহীন কৃচ্ছ্রসাধন নীতি ও কড়া নিষেধাজ্ঞা জারি করেছে শাহবাজ শরিফের সরকার। মূলত জ্বালানি সংরক্ষণ ও রাজস্ব ব্যয় কমানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে এই বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
ব্যয় সংকোচন ও ভ্রমণের ওপর বিধিনিষেধ
জ্বালানি ব্যবহার কমানো ও প্রশাসনিক খরচ ছাঁটাইয়ে একাধিক তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে:
- জ্বালানি বরাদ্দ ছাঁটাই: আগামী তিন মাসের জন্য সরকারি সমস্ত যানবাহনে জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।
- বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা: আগামী তিন মাস সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরণের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। তবে জরুরি ক্ষেত্র ও স্কলারশিপের ক্ষেত্রে ছাড় মিলবে। অনিবার্য প্রশাসনিক সফরে মন্ত্রীদের বাধ্যতামূলকভাবে বিমানের ‘ইকোনমি ক্লাসে’ যাতায়াত করতে হবে।
- অনলাইন মিটিং: জ্বালানি ও খরচ বাঁচাতে সশরীরে উপস্থিতির বদলে টেলি-কনফারেন্সিং ও অনলাইন বৈঠকের ওপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
- বাজেট কাটছাঁট ও কেনাকাটা বন্ধ: ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রশাসনিক বাজেটে ৫ শতাংশ কাটছাঁট করা হয়েছে। তথ্যপ্রযুক্তি (IT) খাত ব্যতীত অন্য সকল প্রকার নতুন যানবাহন, স্থায়ী ও ভারী সামগ্রী কেনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সামাজিক অনুষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কড়াকড়ি
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি আয়োজনের পাশাপাশি জনসাধারণের দৈনন্দিন কর্মকাণ্ডেও সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে:
- বিয়ের অনুষ্ঠানে ‘এক পদ’: সামাজিক অনুষ্ঠানে অপচয় রুখতে দেশজুড়ে যেকোনো বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য কেবল ‘এক পদের খাবার’ (One-dish menu) পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে।
- সরকারি নৈশভোজ বাতিল: সরকারি খরচে যে কোনও ধরনের ভোজ বা নৈশভোজ আয়োজন বন্ধ রাখা হয়েছে।
- বাজার বন্ধের সময়সীমা: বিদ্যুতের ব্যবহার কমাতে দেশের সমস্ত শপিং মল ও বাজার রাত ৯টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানির চড়া দর ও ভর্তুকির ঘোষণা
পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারের অস্থিরতার মধ্যে জ্বালানির দাম সংশোধন করেছে ইসলামাবাদ। পেট্রোলের দাম লিটারপ্রতি পাকিস্তানি মুদ্রায় ০.৪৩ রুপি কমলেও, হাই-স্পিড ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৩.৪৭ রুপি। ফলে পেট্রোলের নতুন খুচরা মূল্য দাঁড়িয়েছে ৩৯০.৭৯ রুপি এবং ডিজেল ৪২৪.৯২ রুপি। তবে বিপুল রাজস্ব ঘাটতি মেটাতে সরকার পেট্রোলে লিটারপ্রতি ১১৪ রুপি এবং ডিজেলে ১০০ রুপি শুল্ক আদায় অব্যাহত রেখেছে।
পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক জানান, মূল্যবৃদ্ধির চাপ কমাতে বাইক, রিকশা এবং ছোট গাড়ির চালকদের জন্য বিশেষ ত্রাণ প্যাকেজ আনা হয়েছে। নির্দিষ্ট মাসিক কোটা মেনে তারা লিটারপ্রতি ১০০ রুপি ভর্তুকি পাবেন। উল্লেখ্য, এর আগে গত মার্চেও জ্বালানি সংকট মোকাবিলায় পাকিস্তানে দু’সপ্তাহের জন্য স্কুল বন্ধ এবং ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করা হয়েছিল।
