শিলিগুড়িতে বুকস্টল ঘিরে সিপিআইএম–আরএসএস সংঘাত

সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়িতে সিপিএমের জেলা পার্টি অফিস ‘অনিল বিশ্বাস ভবন’–এর সামনে বামপন্থীদের বুকস্টলকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়াল। আরএসএস এবং সিপিআইএম কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
ঘটনার সূত্রপাত, বর্ষীয়ান বাম নেতা শমীক লাহিড়ির লেখা হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনভিত্তিক একটি বইকে কেন্দ্র করে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আরএসএসের কয়েকজন কর্মী বুকস্টলে এসে বইটির একটি নির্দিষ্ট অংশের লেখা নিয়ে তীব্র আপত্তি জানান এবং প্রতিবাদে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন।
খবর পেয়ে দ্রুত জড়ো হন সিপিএমের কর্মী, সমর্থকেরা। তাঁরা আরএসএস কর্মীদের বিক্ষোভের বিরোধিতা করেন। দুই পক্ষ মুখোমুখি হতেই শুরু হয় বচসা।
খবর পেয়েই পৌঁছায় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দু’পক্ষকে সরিয়ে দেয়। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য এলাকায় সাময়িকভাবে পুলিশি টহল বাড়ানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলে চর্চা ও গুঞ্জন শুরু হয়েছে।
