ব্যাঙ্ক, পার্ক, ক্লাব, হাসপাতালেও করা যাবে বিয়ে!
বেজিং: অভিনব ব্যবস্থা চিনে। বিয়ে করার জন্য আর ধরণা দিতে হবে না সরকারি দপ্তরে। চাইলে হাসপাতাল থেকে শুরু করে ব্যাংক, বিমানবন্দর, মেট্রো স্টেশন এমনকী নাইটক্লাবেও চটজলদি বাঁধা পড়া যাবে সাতপাকে। এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য, বিয়ে ও জন্মহার সামাল দেওয়া এবং তরুণ–তরুণীদের বিয়েতে উৎসাহিত করা। আসল ব্যাপার হল, চিন দেশে জন্মহার দ্রুত কমছে। একইসঙ্গে কমছে কর্মক্ষম মানুষের সংখ্যাও। তাই তরুণ প্রজন্মকে বিয়ে এবং পরিবার গড়ে তোলায় উৎসাহ দিতেই প্রশাসন এরকম উদ্যোগ নিচ্ছে।
জানা গেছে, বিয়ের রেজিস্ট্রেশন পরিষেবাকে আরও সহজ করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে খোলা হয়েছে একাধিক কাউন্টারও। কিক্সি উৎসব উপলক্ষে শানডং প্রদেশের লিনজি জেলার মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতালে সম্প্রতি ধমুধাম করে চালু হল এরকমই একটি কাউন্টার। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিয়ের রেজিস্ট্রেশনের পাশাপাশি ওই হাসপাতালেই করা যাবে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা এবং সন্তান নেওয়ার আগে প্রয়োজনীয় কাউন্সেলিংও।
অন্যদিকে গুয়াংঝৌ বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিয়ের সার্টিফিকেট পাওয়ার পাশাপাশি নবদম্পতিরা উপরি হিসেবে সামনে থেকে বিমান দেখার বিশেষ সুযোগও পাবেন। সাংহাইয়ের একটি নাইটক্লাব স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে বিয়ের শংসাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন মেট্রো স্টেশন, পার্ক এবং ঐতিহাসিক মন্দিরেও বিয়ের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। গত মাসে তিয়ানজিনের একটি ব্যাঙ্কে বিয়ের রেজিস্ট্রেশন পরিষেবা চালু করা হয়েছে।
জানা গেছে, বিয়ের প্রক্রিয়া সহজ–সরল করার ফলে গত বছরের শেষ দিকে কিছুটা বেড়েছিল বিয়ের সংখ্যা। কিন্তু লাভের লাভ সেভাবে কিছুই হয়নি। সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, চলতি বছরের প্রথম ছ’মাসে চিনে বিয়ের রেজিস্ট্রেশন কমেছে ৭.৫ শতাংশ।
