ফের অপেক্ষা ‘দেশু’ ম্যাজিকের
লোপামুদ্রা ভৌমিক
ফের কাছাকাছি দেব–শুভশ্রী। একটা সময় শুভশ্রীর প্রেমে হাবুডুবু খেতেন দেব। যদিও সেই প্রেম টেকেনি। তারপর থেকে প্রায় এক দশক আর স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি তাদের। সেই মান–অভিমানের খরা কাটিয়ে দিয়েছিল ‘ধূমকেতু’। তাই গত বছর পুজোটা দেব–শুভশ্রী ফ্যানেদের আহ্লাদে আটখানা করে দিয়েছিল। সেই ভাললাগার স্রোতে এবার পুজোতেও ফ্যানেদের ভাসাতে চলেছেন তাঁরা। পুজোর পর্দায় ফের দেশু ম্যাজিক দেখার অপেক্ষায় প্রহর গুনছে বক্স অফিস থেকে ভক্তকুল।
‘দেশু ৭’। ঠিকই তো। এই নিয়ে সাতটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন দেশু। দেবের প্রথম পরিচালিত ছবিতেই তাঁর হাত ধরছেন তাঁরই অতীত প্রেম। গল্পকারও তিনিই। অ্যাকশন, রোম্যান্স ও ড্রামায় ভরপুর এই ছবির শুটিং শেষ হয়েছে কিছুদিন আগেই। সদ্য সামনে এসেছে ছবির প্রচারঝলক। তারপর থেকেই নস্টালজিয়ায় ভুগতে শুরু করেছেন দেব–শুভশ্রীর তামাম ফ্যান ফলোয়ার্স। দেশু ৭’–এর শুটিং শেষের পর দেবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর আবেগী পোস্ট ভাইরাল হয়ে যায়। যেখানে তিনি লিখেছিলেন—‘‘সিনেমায় অভিনয় করত তো দেব! বিভিন্ন ধরনের চরিত্রে। তাহলে কখন চিত্রনাট্য আর সিনেমা তৈরির এত খুঁটিনাটি শিখে নিল?...আমি মন থেকে বিশ্বাস করি, ‘দেশু ৭’ মুক্তি পাওয়ার পর আমাদের ইন্ডাস্ট্রি এমন একজন নতুন প্রজন্মের পরিচালককে পাবে, যে চমৎকার সব গল্প বলে সাধারণ দর্শককে মুগ্ধ করতে পারে। তোমাকে নিয়ে গর্ব হচ্ছে।’’ শুটিং শেষে লাদাখ থেকে একটি ভিডিও পোস্ট করেছিলেন দেব। যেখানে শুভশ্রীর সঙ্গে ‘কবে আইবে আমার পালা রে’ গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল দুজনকে। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেব–শুভশ্রীর সঙ্গে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্যও। থাকছেন আরও এক অভিনেত্রী। তিনি সুস্মিতা রায়। মডেল হিসেবে বেশ পরিচিত সুস্মিতা। ২০১৯ সালে মিস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল হয়েছিলেন তিনি। এছাড়াও ছবিতে দেখা যাবে ইধিকা পাল, প্রিয়াঙ্কা সরকার, পার্থসারথি চক্রবর্তীকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ অক্টোবর পঞ্চমীর দিন মুক্তি পাবে ‘দেশু ৭’।
