সামনে এল ‘জেলর ২’–এর ‘কান্তা’ বিদ্যার প্রথম ঝলক
লোপামুদ্রা ভৌমিক
১৫ অক্টোবর মুক্তি পাবে রজনীকান্তের বহু প্রতীক্ষিত ছবি ‘জেলর ২’। তা নিয়ে এখন থেকেই চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। এর মধ্যেই সামনে এল এই ছবিতে বিদ্যা বালনের চরিত্রের এক ঝলক। তারপরই ২০২৩ সালের অল টাইম ব্লকবাস্টার ‘জেলর’ ছবির এই বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলটি ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে পড়ে গেছে হইচই।
ছবিতে ‘কান্তা’ চরিত্রে দেখা দেবেন বিদ্যা। আত্মবিশ্বাসী, তেজি, ঔদ্ধত্যপূর্ণ একটি চরিত্রে সামনে আসবেন তিনি। ছবির যে ভিডিওটি প্রকাশ পেয়েছে, সেখানে দেখা গেছে, পরেন নীল শাড়ি আর হাতে সিগারেট নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন বিদ্যা। দৃশ্যটিতে তাঁর অভিব্যক্তি ও শরীরী ভাষায় ফুটে ওঠে দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। ভিডিও–র এই টুকরো ঝলকেই বড় স্ক্রিনে তাঁকে দেখার আগ্রহ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও, এই ছবি নিয়ে অতি উৎসাহের আরেকটি কারণ হল, রজনীকান্তের সঙ্গে বিদ্যাকে একফ্রেমে দেখার আকাঙ্খা। এই ছবিতে ‘টাইগার’ মুথুভেল পাণ্ডিয়ান চরিত্রে ফের ফিরছেন রজনীকান্ত। বিশেষ বিশেষ চরিত্রে পাওয়া যাবে রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য, সুরজ ভেঞ্জারামুড়ু –সহ একঝাঁক অভিনেতা–অভিনেত্রীকে। দুটি ক্যামিও চরিত্রে থাকছেন শিবা রাজকুমার এবং মেগাস্টার মিঠুন চক্রবর্তী। ফলে ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘ভাগ্যদেবতা’র পর ফের রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে মিঠুনকে।
প্রথম পর্বের মতো এ বারেও রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কন্নড় সুপারস্টার শিব রাজকুমার এবং মালায়লাম মেগাস্টার মোহনলাল।
অন্যদিকে এই ছবিতে বিদ্যা বালানের অভিনয়কে তামিল সিনেমায় তাঁর প্রত্যাবর্তনও বলা যায়। এর আগে ২০১৯ সালে ‘নীরকোন্ডা পারভাই’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবির আবহসঙ্গীতের দায়িত্ব সামলেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন।
উল্লেখ্য, গত ২ জুলাই প্রযোজনা সংস্থা সান পিকচার্স সোশ্যাল মিডিয়ায় একটি দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের প্রোমো ভিডিও শেয়ার করে ছবিটির অফিশিয়াল রিলিজ ডেট জানিয়েছিল। এক্স হ্যান্ডলে লেখা হয়েছিল, ‘আলাপ্পারা কিলাপ্পুরোম! আগামী ১৫ অক্টোবর বিশ্ব জুড়ে থিয়েটারে ঝড় তুলতে আসছে জেলর ২।’ সে সময় প্রকাশ করা হয়েছিল টিজারও। সেখানে রজনীকান্তের আসল লুকটি রহস্যের আড়ালে রাখা হলেও, তাঁর একটি ‘পার্শিয়াল ফার্স্ট লুক’ ফুটিয়ে তোলা হয়েছিল।
