মোদির ডিনারের মেনুতে মিলেট থেকে গুচ্ছি, জিলিপি
সংবাদদাতা, নয়াদিল্লি: রাজধানীর ভারত মণ্ডপমে শনিবার রাতে BRICS নেতাদের সম্মানে বিশেষ গালা ডিনারের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক কূটনীতির ব্যস্ততার মধ্যেও সন্ধ্যার এই আসরে ভারতের বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতিকেই সামনে রাখা হয়েছিল। মেনু ছিল সম্পূর্ণ নিরামিষ এবং ভারতীয় স্বাদের সঙ্গে আধুনিক পরিবেশনার মেলবন্ধন।
ডিনারের শুরুতে ছিল ‘খান্ডভি মিল-ফুই’ এবং ‘খুম্ব গালৌটি’। খান্ডভির আধুনিক সংস্করণটি পরিবেশন করা হয় কেশর আম, মাইক্রোগ্রিন ও দইয়ের ড্রেসিংয়ের সঙ্গে। আর মাশরুম দিয়ে তৈরি খুম্ব গালৌটি পরিবেশন করা হয় শিরমাল রুটির সঙ্গে।
মূল পদে ছিল পনির লাবাবদার, গুচ্ছি মারমিক, ক্যারট-বিন পোরিয়াল এবং মিলেট পোলাও। হিমালয়ের দুর্লভ গুচ্ছি মাশরুমের সঙ্গে অ্যাসপারাগাস, জাফরান, কিশমিশ ও মামরা বাদামের মিশেল ছিল ‘গুচ্ছি মারমিক’-এর বিশেষ আকর্ষণ। প্রতি কেজি গুচ্ছ মারমিকের দাম ১৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। মিলেট পোলাওয়ে ব্যবহার করা হয়েছিল বাজরা ও বাসমতি চাল। সঙ্গে ছিল বিটরুট রায়তা, ভারতীয় রুটি এবং ‘থাক্কালি বেলে সারু’ নামের হালকা ডাল-টমেটোর ঝোল।
ডেজার্টেও ছিল ভারতীয় স্বাদের ছোঁয়া। পুরনো দিল্লির ফলের ক্রিমের সঙ্গে জিলিপি এবং শাহতূত ফিরনি দিয়ে শেষ হয় ভোজ। ফিরনির উপরে ছিল মিষ্টি তুঁত ফল ও সোনার পাতের সাজ।
মেনুতে মিলেটের উপস্থিতিও ছিল তাৎপর্যপূর্ণ। BRICS অতিথিদের সামনে ভারত শুধু খাবার পরিবেশন করেনি, বরং ‘শ্রী অন্ন’ বা মিলেটকে পুষ্টি, পরিবেশ ও কৃষির স্থায়িত্বের সঙ্গে যুক্ত করে তুলে ধরেছে।
ডিনারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ একাধিক রাষ্ট্রনেতা উপস্থিত ছিলেন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গালা ডিনারে যোগ দেননি; সন্ধ্যার আগে মোদির সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল।
খাবারের পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও—ভারত ও অন্যান্য BRICS দেশের শিল্পীদের নিয়ে শতাধিক শিল্পীর বিশেষ পরিবেশনা। ফলে ডিনারটি নিছক ভোজ নয়, ভারতের কূটনৈতিক আতিথেয়তার সঙ্গে তার বহুরঙা সংস্কৃতি ও খাদ্যঐতিহ্য তুলে ধরার একটি আয়োজন হয়ে উঠেছিল।
তবে এদিনের ডিনারে ক্লান্তির কারণে অনুপস্থিত ছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি হোটেলে বিশ্রাম নিয়েছিলেন।
