পানিহাটির সিইএসসি অফিসে ভয়াবহ আগুন
সংবাদদাতা: পানিহাটির ধানকল মোড় সংলগ্ন এলাকায় সিইএসসি–র অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক এলাকায়। বিটি রোডের ওপর যান চলাচল ব্যাহত। রবিবার দুপুরে আচমকাই আগুন লেগে যায় বহুতলটিতে। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৭টি ইঞ্জিন। জরুরিকালীন ভিত্তিতে শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশও। বহুতলটির ঠিক পেছনেই রয়েছে একটি বসতি এলাকা। আগুন যাতে কোনওভাবেই সেখানে ছড়িয়ে পড়তে না পরে সেই চেষ্টা চালাতে শুরু করেন দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্রান্সফরমার ফেটে যাওয়ার ফলেই আগুনের সূত্রপাত। তাঁদের দাবি, বেশ কয়েকটি ঝুপড়ি আগুনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দমকল সূত্রে খবর, বহুতলটির নিচের তলাতেই প্রথম আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। কয়েক কিলোমিটার দূর থেকে সেই ধোঁয়া দেখা গেছে। আগুনের তীব্রতায় বেশ কিছুক্ষণ পর্যন্ত ভবনটির ভেতরে ঢুকতেই পারেননি দমকলকর্মীরা। আগুন নেভাতে জলের সঙ্গে ব্যবহার করা হয়েছে ফোম। তবে রবিবার হওয়ায় ফলে খুব বেশি কর্মী অফিসে ছিলেন না। যাঁরা ছিলেন, তাঁদের বের করে আনা হয়েছে। আগুনের ফলে অফিসে প্রচুর ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরেই ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে দমকল। এদিকে বাড়িটি বিটি রোডের ওপরে হওয়ায় দুপুরের ব্যস্ত সময়ে গাড়ি চলাচলে অসুবিধে তৈরি হয়। ট্রাফিক নিয়ন্ত্রণে নামে পুলিশ।
