বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

শেষ দৃশ্যম! শেষবারের মতো পর্দায় বিজয় রূপে অজয়

29 August, 2026 6:05 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : অজয় দেবগন আবার ফিরছেন বিজয় সালগাঁওকর হয়ে।

সম্ভবত তাঁর গল্পের এটাই শেষ অধ্যায়। সুতরাং ‘Drishyam: The Conclusion’-এর প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। পোস্টারে অজয়ের মুখের একটি অংশ দেখা যাচ্ছে। দৃষ্টি তীক্ষ্ণ এবং সেখানে উদ্বেগের ছায়া। যেন ফের কোনও অন্ধকার সত্যের সামনে দাঁড়িয়ে বিজয়। প্রথম দুই ছবির মতো এবারও পরিবারের জন্য বিজয় কতদূর যেতে পারেন, সেই প্রশ্নই ছবির মূল থিম হয়ে উঠতে চলেছে।

ছবিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। তিনিই ‘Drishyam 2’ পরিচালনা করেছিলেন। তাঁর কথায়, নতুন ছবির গল্প শুরু হবে দ্বিতীয় পর্ব যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই। কিন্তু বিজয় ও তাঁর পরিবারের সামনে এবার একেবারে নতুন পরিস্থিতি এবং নতুন রহস্য। চিত্রনাট্য লিখেছেন অভিষেক পাঠক, আমিল কীয়ান খান ও পারভেজ শেখ।

অজয়ের সঙ্গে ফিরছেন তাব্বু, শ্রিয়া সরণ, রজত কাপুর, ইশিতা দত্ত ও মৃণাল যাদব। অন্যদিকে নতুন সংযোজন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ। চরিত্রগুলির উপস্থিতি শেষ অধ্যায়ের রহস্য ও সংঘাতকে আরও তীব্র করে তুলবে বলেই মনে করা হচ্ছে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রবি বসরুর। ‘Drishyam: The Conclusion’ মুক্তি পাওয়ার কথা আগামী ২ অক্টোবর, অর্থাৎ পুজোর আগেই।

দৃশ্যমের তিনটি ছবিকে একসঙ্গে দেখলে মনে হতে পারে, এটি শুধু একটি ক্রাইম-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি নয়। এটি একটি পরিবারের আত্মরক্ষার গল্প, যেখানে প্রতিটি পর্বে মিথ্যার জাল আরও জটিল হয়েছে। প্রথম ছবি তৈরি করেছিল ভিত্তি, দ্বিতীয় ছবি সেই ভিত্তির উপর দর্শকের বিশ্বাসকে বহুগুণ বাড়িয়েছে আর তৃতীয় ছবি সেই দীর্ঘ লুকোচুরি ও অপরাধবোধের শেষ পরিণতি দেখানোর সম্ভাবনা তৈরি করেছে।

২০১৫ সালে নিশিকান্ত কামাট পরিচালিত প্রথম Drishyam-এ অজয় দেবগনের বিজয় সালগাঁওকর প্রথম দর্শকের সামনে আসেন। তিনি কোনও সুপারহিরো নন, কোনও পেশাদার অপরাধীও নন। একজন সাধারণ কেবল-টিভি ব্যবসায়ী, সিনেমাপাগল মানুষ এবং সর্বোপরি পরিবারের জন্য মরিয়া একজন বাবা।

ছবির সবচেয়ে বড় শক্তি ছিল এর ধীরে ধীরে তৈরি হওয়া উত্তেজনা। প্রথমার্ধে পারিবারিক নাটক, তারপর একটি দুর্ঘটনা এবং শেষে সেই ঘটনাকে ঢাকতে বিজয়ের তৈরি করা অবিশ্বাস্য অ্যালিবাই। এই নির্মাণশৈলী দর্শককে ধাপে ধাপে গল্পের মধ্যে টেনে নেয়।
তাব্বুর পুলিশ অফিসার চরিত্র মীরা দেশমুখ এবং অজয়ের বিজয় সালগাঁওকরের লড়াই ছবিটির মূল আকর্ষণ। একদিকে রাষ্ট্রের তদন্ত ক্ষমতা, অন্যদিকে একজন বাবার পরিবার বাঁচানোর লড়াই।

প্রথম Drishyam ভারতে প্রায় ৬৭–৬৮ কোটি টাকার ব্যবসা করে। আন্তর্জাতিক ক্ষেত্রকে ধরলে ব্যবসার পরিমাণ প্রায় ১৩০ কোটি টাকা।
২০২২ সালে Drishyam 2 রিলিজ করে। প্রথম ছবির সময় বিজয়ের লড়াই ছিল একটি অপরাধকে চাপা দেওয়ার। দ্বিতীয় ছবিতে সেই চাপা দেওয়া অতীতই আবার ফিরে আসে। দ্বিতীয় পর্ব প্রথম ছবির তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী এবং বাণিজ্যিক সফল। অজয়ের সংযত অভিনয়, তাব্বুর উপস্থিতি এবং অক্ষয় খান্নার তদন্তকারী চরিত্র ছবির উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে।

Drishyam 2 ভারতে প্রায় ২৪০ কোটি টাকা ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রায় ৩৪০ কোটি আয় করে। এর প্রশ্ন আসে তৃতীয় ছবির সম্ভাবনা কতটা? দর্শক কেন আবার বিজয় সালগাঁওকরের গল্প দেখতে চাইবেন? উত্তর হিসাবে বলা যায়, প্রথম দুই ছবির শেষে রহস্য পুরোপুরি শেষ হয়নি। বরং প্রতিটি সমাধানের মধ্যেই নতুন প্রশ্ন তৈরি হয়েছে। নামেই যখন The Conclusion, তখন দর্শকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন, এবার কি বিজয়ের নিখুঁত পরিকল্পনায় ফাটল ধরবে? নাকি শেষবারের মতো পুলিশকে হারিয়ে তিনি বেরিয়ে যাবেন?

তিনটি ছবিকে পরপর সাজালে এবং এক লাইনের ক্যাপশন করলে বলা যায়, প্রথমটি যদি হয়, অপরাধের জন্ম। তবে দ্বিতীয়টি অপরাধ ঢাকার যুদ্ধ এবং তৃতীয়টি হতে চলেছে সেই অপরাধের শেষ বিচার। রিলিজের পর বোঝা যাবে, দৃশ্যমের শেষ পর্ব ঠিক জায়গায় গিয়ে পৌঁছাতে পারল কিনা!

প্রতিবেদন

Sumantra Mukherjee