জোড়া হামলা দক্ষিণ আফ্রিকায়, মৃত কমপক্ষে ২৭
জোহানেসবার্গ : দুটি ঘটনার মধ্যে ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। একটি পানশালা এবং একটি পার্কে এলোপাথাড়ি গুলি চালনার ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২৭ জন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং কেপ টাউনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হলেও কাউকেই এখনও নাগালে পায়নি পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টা। জোহানেসবার্গের ওয়েস্ট র্যান্ড জেলার ওয়েডেলা অঞ্চলের এক্সটেনশন ৩ এলাকার একটি পানশালায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে ৮ জনের একটি দল। শুরু হয় গুলি চালানো। সাউথ আফ্রিকান পুলিশ সার্ভিস (এসএপিএস) জানিয়েছে, এই হামলায় মৃত্যু হয়েছে ৪ মহিলা-সহ ১৭ জনের। আহতের সংখ্যা ১৫। গুলি চালানোর পর এলাকা ছেড়ে পালানোর আগে পানশালার বাইরে থাকা দু’টি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় আততায়ীরা। পুলিশ ক্যাপ্টেন টিন্টসোয়ালো সিবেকো জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের পাকড়াও করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে গাউটেং পুলিশ।
পরের ঘটনা রবিবার ভোররাতের। লোয়ান্ডেল এলাকায় একটি বিনোদন কেন্দ্রের বাইরে আচমকা এলোপাথারি গুলি চালানো হয়। ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। আহত আরও ১০। দুটি ঘটনাতেই গুলি চালানোর কারণ স্পষ্ট নয়। কারা কী কারণে এই হামলা চালালো তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। কদিন আগেই ডারবান শহরে একটি বাড়িতে পার্টি চলাকালীন তিনজন বন্দুকবাজ হামলা চালিয়েছিল ৷ ঘটনায় মৃত্যু হয় এক অন্তঃসত্ত্বা-সহ ১১ জনের।
