‘ফ্লাইদুবাইয়ের মতো হামলা আবার হবে’, আমেরিকাকে নিশানা করে হুমকি আল কায়েদার
নিউ ইয়র্ক: ফের খবরে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা। ফ্লাইদুবাই বিমান কাণ্ডের প্রশংসা করে হুমকি দেওয়া হয়েছে যে, ‘ফ্লাইদুবাইয়ের মতো হামলা আবার হবে, পতন ঘটবে শয়তান আমেরিকার’! নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, গত জুলাই থেকে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করছে আল কায়েদাপন্থীরা। সেই পত্রিকাতেই ফ্লাইদুবাই-কাণ্ডের প্রশংসা করা হয়েছে। জানা গেছে, কায়েদাপন্থী টেলিগ্রাম চ্যানেলগুলিতেও এই একই প্রশংসা করা হয়েছিল। পরে সেই পোষ্ট সরিয়ে দেওয়া হয়।
পত্রিকাটিতে আরবি ভাষায় লেখা হয়েছে, “যুদ্ধ এখনও শেষ হয়নি। শয়তান আমেরিকান এবং ইজরায়েলিদের বহনকারী বিমান এখনও আকাশে উড়ছে। সেগুলিকে লক্ষ্যবস্তু করা হতে পারে। ঠিক যেমনটা ঘটেছিল ১১ এবং ৩০ সেপ্টেম্বর !’ লেখা হয়েছে, ‘এমন দিন আসবে, যখন শয়তান আমেরিকান সাম্রাজ্যের পতন ঘটবে।’ ওই প্রতিবেদনের সঙ্গে ৯/১১ হামলার পর ধ্বংসস্তুপে পরিণত হওয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ছবিও প্রকাশ করা হয়েছে।
এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ফ্লাইদুবাইয়ের অভিযুক্ত সহকারী পাইলট ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিমানে হামলার জন্য দায়ীদের চরম মূল্য দিতে হবে। ইতিমধ্যে অনেকেই ফ্লাইদুবাই-কাণ্ডে সন্ত্রাসবাদী সংগঠনের যোগের কথা বলতে শুরু করেছেন।
