টাইব্রেকারে পাঞ্জাবকে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান, ফের ত্রাতা বিশাল
সংবাদদাতা, কলকাতা: কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নাটকীয় লড়াইয়ের পর আইএফএ শিল্ডের ফাইনালে উঠল মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারাল সবুজ-মেরুন শিবির। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিট, দুই পর্বেই কোনও দল গোল করতে পারেনি।
ম্যাচের নির্ধারিত সময়ে দু’দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি। অতিরিক্ত সময়েও ছবিটা বদলায়নি। জঘন্য একটা ম্যাচের পর খেলার ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে মোহনবাগানের ত্রাতা হিসাবে ফের দেখা গেল গোলরক্ষক বিশাল কাইথকে। টাইব্রেকারে তাঁর জোড়া সেভ সবুজ-মেরুনকে ফাইনালের টিকিট এনে দেয়। শেষ পর্যন্ত মোহনবাগান জেতে ৪-৩ ব্যবধানে।
গতবারের আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান এবারও ট্রফি ধরে রাখার লড়াইয়ে পৌঁছে গেল শেষ ধাপে। আর একটি সেমিফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং নর্থইস্ট ইউনাইটেড। দ্বিতীয় সেমিফাইনালের ফলের উপরই নির্ভর করছে ফাইনালে মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী কে! তবে প্রতিদ্বন্দ্বী যে-ই হোক না কেন, ফাইনালে জেমি না খেললে মোহনবাগানের সমূহ বিপদ হতে পারে বলে সমর্থকরা মনে করছেন।
