এবার টেমসের তীরে গঙ্গা আরতি
স্মৃতি দত্ত, লন্ডন
এবার ভারতীয় সংস্কৃতির ছোঁয়া টেমসের তীরে। লন্ডনের বাসিন্দারা সাক্ষী থাকতে চলেছেন বারানসীর গঙ্গা আরতির। আগামী ১৩ সেপ্টেম্বর বিদেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশেষ উৎসব। গ্রিনিচ শহরের ওল্ড রয়্যাল নেভাল কলেজে এই অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। এদিন বিকেল ৪টে থেকে যে কেউ ইচ্ছে করলেই ‘গঙ্গা আরতি’ দেখতে যেতে পারেন। তবে আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে দর্শকদের। জাতি–ধর্ম নির্বিশেষে সকলের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত রাখা হবে। এদিন সকাল থেকেই নেভাল কলেজে থাকবে নানান অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে ভারতীয় খাবার, গান, নাচ এবং ছোটদের জন্য নানা রকম বিনোদনের ব্যবস্থা। ‘চিন্ময় মিশন ইউকে’ এবং ‘টোটালি টেমস’–এর যৌথ উদ্যোগে এবার ভারতীয় এই সংস্কৃতির আঁচ পেতে চলেছেন লন্ডনবাসী। বিকেলে রয়্যাল স্টেপসের ঘাটে সূর্যাস্তের সঙ্গে সময় মিলিয়ে সন্ধে ৭–১৫ মিনিটে প্রদীপ, ঢাকের তালে তালে হবে আরতি। এই অনুষ্ঠানকে বিশ্বশান্তির জন্য প্রার্থনার একটি মঞ্চ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই আরতির ফলে টেমসের জলে যাতে কোনওরকম দূষণের ছোঁয়া না লাগে সে জন্য সতর্ক প্রশাসন। এখন থেকেই জারি করা হয়েছে একাধিক বিজ্ঞপ্তি। আরতির সময় বা তার পরে মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ। যেমন, টেমসের জলে কোনওরকম ফুল, ফল, মূর্তি বা পুজোর জিনিস ভাসানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রেখেই ঐতিহ্যবাহী এই উৎসবে সামিল হওয়ার আর্জি জানানো হয়েছে সকলকে।
