বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতে ইন্দ্রনীল সেন লাইসেন্স ছাড়া ওড়ানো যাবে না ফানুস রঞ্জিতে জয়ের হ্যাটট্রিক বাংলার কলকাতায় উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি

প্রবল ঝড়বৃষ্টি অন্ধ্র-ওড়িশায়, দীঘায় উত্তাল সমুদ্র, বর্ষণ মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়

28 October, 2026 3:56 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: অবশেষে অন্ধ্রপ্রদেশ উপকূলে চরম তাণ্ডব চালিয়ে আছড়ে পড়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত কয়েক ঘণ্টা ধরেই অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছিল এই ঘূর্ণিঝড়টি। কাকিনাড়া, বিশাখাপত্তনম এবং বাপটোলার মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে বিপুল শক্তি নিয়ে আঘাত হানে এই ঝড়। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়টির তাণ্ডব ছিল মারাত্মক। উপকূলবর্তী এলাকায় একটানা ঝোড়ো বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার ছুঁয়ে ফেলে, যা মাঝে মাঝে সর্বোচ্চ ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় আছড়ে পড়ে। প্রবল গতিবেগের এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূল সংলগ্ন একাধিক এলাকা। একের পর এক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, বিশাল বড় বড় গাছ ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে প্রধান প্রধান রাস্তাঘাট। পাশাপাশি নিচু এলাকাগুলিতে প্রকাণ্ড সামুদ্রিক জলোচ্ছ্বাস ঢুকে পড়ায় জলমগ্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম ও বাসস্থান।

অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’এর সরাসরি আঘাত অন্ধ্রপ্রদেশে হলেও এর মারাত্মক পরোক্ষ প্রভাব পড়েছে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ ও ওড়িশায়। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলি। যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভোর থেকেই ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় এই ঝড়টি স্থলভাগের ওপর দিয়ে অগ্রসর হতে হতে ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। অতি প্রবল ঘূর্ণিঝড় হওয়ায় এর জেরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার একাধিক এলাকায় ভারী বৃষ্টি চলছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতায় মঙ্গলবার বৃষ্টি হয়েছে হালকা। বুধবার ভোর থেকে আকাশের মুখ ভার ছিল। বেলা হতেই মিলেছে রোদের দেখা। অর্ণবের দাপট খুব বেশি বোঝা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা, বিশেষ করে উপকূলীয় জেলাগুলির অবস্থা যদিও এমন নয়। দীঘায় উত্তাল সমুদ্র, আকাশ অন্ধকার, পাশাপাশি প্রবল হাওয়ার দাপট রয়েছে মঙ্গলবার রাত থেকেই। উপকূলবর্তী সমস্ত এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আবহাওয়া খারাপ দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গাতেও। অন্যদিকে, ঝাড়খণ্ডের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাঁচি, খুঁটি, সিমডেগা, গুমলা, লোহারডাগা-সহ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় একাধিক ট্রেন বাতিল করেছে রেল। জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটির বৈঠকে প্রস্তুতি পর্যালোচনা করা হয়। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শেষ হলেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব কিছু সময় বজায় থাকতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস।

 

প্রতিবেদন

Sandipan Saha