শান্তিপুরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোয় আগাম নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে পুলিশ প্রশাসন
সংবাদদাতা, নদীয়া: চন্দননগরের পাশাপাশি নদীয়ার জগদ্ধাত্রী পুজোও রাজ্যজুড়ে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। এর মধ্যে শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের জগদ্ধাত্রী পুজো অন্যতম। আগামী উৎসবের দিনগুলিতে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুজো উপলক্ষ্যে আয়োজিত ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তার জন্য এখন থেকেই ময়দানে নামল নদীয়া জেলা পুলিশ প্রশাসন।
বুধবার নদীয়ার রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা সরাসরি সূত্রাগড় অঞ্চলে এসে সরেজমিন এলাকার পুজোর প্রস্তুতি ঘুরে দেখেন। পুলিশকর্তারা এ দিন দীর্ঘ সময় ধরে পুরো সূত্রাগড় এলাকা ঘুরে দেখেন এবং প্রধান শোভাযাত্রার রুট খতিয়ে দেখেন। ভিড় নিয়ন্ত্রণ, যানজট এড়ানো এবং দর্শনার্থীদের সুরক্ষা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগাম একাধিক কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা ও পুজো কমিটিগুলি জেলা পুলিশের অগ্রিম পদক্ষেপকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, উৎসবের দিনগুলিতে পর্যাপ্ত পুলিশি পাহারা, পর্যাপ্ত সিসিটিভি নজরদারি এবং জরুরি অবস্থার মোকাবিলায় বিশেষ ব্যবস্থা রাখা হবে। সবমিলিয়ে, প্রতিবারের মতো এ বছরও নদীয়ার এই জগদ্ধাত্রী পুজো শান্তিপুরের মাটিতে সম্পূর্ণ আনন্দ ও নিরাপত্তার আবহে নির্বিঘ্নে উদযাপিত হবে বলে আশাবাদী প্রশাসন।
