মোদির বাবাকে নিয়ে কটূক্তির অভিযোগ, খাড়্গের কুশপুতুল দাহ
সংবাদদাতা, দুর্গাপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত বাবাকে নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সরব হল ভারতীয় জনতা মজদুর মঞ্চ। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার গ্যামন ব্রিজে কংগ্রেস সভাপতির কুশপুতুল দাহ করে সোচ্চার হন সংগঠনের কর্মী-সমর্থকরা।
বিক্ষোভ শেষে বিজেপি মজদুর মঞ্চের এক প্রতিনিধি দল থানায় গিয়ে মল্লিকার্জুন খাড়্গের বিরুদ্ধে লিখিত এফআইআর দায়েরের উদ্যোগ নেন। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে এ ধরনের কুরুচিকর মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে কংগ্রেস সভাপতিকে গ্রেপ্তার করতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এই প্রতিবাদ কর্মসূচির জেরে দুর্গাপুরের ব্যস্ততম গ্যামন ব্রিজ এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল থমকে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পুলিশি তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদকারীদের হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচিতে উপস্থিত ভারতীয় মজদুর সংঘের রাজ্য সাধারণ সম্পাদক কল্যাণ দুবে বলেন,সংসদীয় গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ির একটি সীমা থাকা উচিত। ভারতের প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে এই ধরনের কুরুচিকর ভাষা ও সংস্কৃতি বরদাস্ত করা হবে না। খাড়্গের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
