বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

নবান্নে কালীপুজোর প্রস্তুতি বৈঠক: অবৈধ বাজির বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ

29 October, 2026 2:30 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, নবান্ন: সামনেই কালীপুজো। প্যান্ডেলের বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। পাড়ার অলিগলিতে বাজি বিক্রি হচ্ছে টুকটাক। এই অবৈধ বাজি বিক্রিতে রাশ টানতে মাঠে নামল কলকাতা পুলিশ, পুরসভা ও রাজ্য পুলিশ। বৃহস্পতিবার সকালে নবান্নে বৈঠক করলেন স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা ও রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। বাজি বিক্রি থেকে পোড়ানো, একাধিক ক্ষেত্রে কড়া নিয়মের কথা ঘোষণা করা হল এদিন। না মানলে উপযুক্ত ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র সচিব। বৃহস্পতিবার নবান্নে কালীপুজোর প্রস্তুতি বৈঠক হয়। আলোচনার কেন্দ্রে ছিল অবৈধ বাজি বিক্রি আটকানো, শব্দবাজি রুখে দেওয়া এবং অবশ্যই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এই সূত্রেই বেশ কয়েকটি বিষয় কড়া হাতে সামলানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিন সাংবাদিক বৈঠক করে স্বরাষ্ট্র সচিব জানিয়ে দিয়েছেন, কালীপুজোয় আনন্দ করুন নিজের মতো করে কিন্তু কারও ক্ষতির কারণ হবেন না। সব পুলিশ আটকাবে, পদক্ষেপ করবে তারপর হবে, এই মানসিকতা পাল্টানোর সময় এসেছে। তাঁর মতে, মানুষকে মানবিক হতে হবে এবং নিজে থেকে সচেতন হতে হবে। তাহলেই কালীপুজোয় যেকোনও রকম দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। প্রতি বছরের মতো এবছরও বাজি বাজারে নজর রাখবে পুরসভা। একাধিক উপায়ে অবৈধ বাজি চিহ্নিত করা হবে, ধরা পড়লে সমস্তটা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি নজর রাখা হবে বাজি তৈরির এলাকাগুলিতেও। বৈধ লাইসেন্স ছাড়া বাজি তৈরি বা বিক্রি কোনওটাই মেনে নেওয়া হবে না।

এছাড়া কালীপুজোর দিন বেশ কিছু নিয়ম মানার কথা বলেছেন স্বরাষ্ট্র সচিব। প্রথমত, নির্দিষ্ট সময়ে বাজি পোড়াতে হবে। হাসপাতালের ১০০ মিটারের মধ্যে কোনওরকম শব্দ বাজি নয়। সাইলেন্স জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলিতে শব্দবাজি পোড়ানো যাবে না। নীরবতা বজায় রাখতে হবে।

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনুমোদিত ‘সবুজ বাজি’ ছাড়া অন্য কোনও বাজি ব্যবহার করা যাবে না কালীপুজো, দীপাবলি ও ছটপুজোয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কালীপুজো বা দীপাবলির দিন শুধুমাত্র রাত ৮টা থেকে ১০টা এবং ছটপুজোর দিন ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্তই বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। সবুজ বাজির ক্ষেত্রে শব্দ সৃষ্টিকারী বাজির সর্বোচ্চ মাত্রা ১২৫ ডেসিবল এবং আলোক সৃষ্টিকারী বাজির ক্ষেত্রে ৯০ ডেসিবল নির্ধারণ করা হয়েছে।

হাসপাতাল, নার্সিংহোম, স্কুল, কলেজ, আদালত এবং বৃদ্ধাশ্রমের মূল সীমানা থেকে ১০০ মিটার ব্যাসার্ধের  মধ্যে কোনও বাজি ফাটানো যাবে না বলে জানিয়েছে প্রশাসন।

এছাড়া শব্দাতাণ্ডব থেকে যাতে মানুষ বাঁচতে পারে, তার জন্য প্রশাসন সবসময় কাজ করবে। এদিন এবিষয়ে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা জানান, নবান্নের তরফে একটি কন্ট্রোলরুম খোলা হচ্ছে। সেখানে যেকোনও সময় অভিযোগ জমা করা যাবে। অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ করবে পুলিশ। চালু করা হবে হেল্পলাইন নম্বর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়ে দেন তিনি।

শেষে স্বরাষ্ট্র সচিব জানিয়ে দেন, বাজি ছাড়াও অন্য অনেকরকম উপায় আছে আনন্দ করার। উৎসবে আনন্দ করুন, কাউকে বিপদে না ফেলে।

প্রতিবেদন

Sandipan Saha