রাখি সাওয়ান্তের নামে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা
মুম্বই: ষোল বছর আগের ঘটনায় অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। ২০১০ সালে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় একটি শো ছিল ‘রাখি কা ইনসাফ’। সেই শোতে দাম্পত্য বিবাদের সমাধানের জন্য লক্ষ্মণ আহিরওয়ার নামে এক যুবক হাজির হয়েছিলেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। সেই শোতে ক্যামেরার সামনেই লক্ষ্মণকে ‘নপুংসক’ বলে কটাক্ষ করেছিলেন রাখি। এই শো সম্প্রচারের কিছুদিনের মধ্যেই আত্মহত্যা করেন লক্ষ্মণ। এরপরই মৃতের পরিবারের লোকজন রাখির নামে ঝাঁসি থানায় অভিযোগ দায়ের করে জানান, ওই বিশেষ শো সম্প্রচারের পরই অবসাদে ডুবে গিয়েছিলেন লক্ষ্মণ। শুরু করেছিলেন নেশা করা। যা তাকে আত্মঘাতী হওয়ার দিকে ঠেলে দেয়। লক্ষ্মণের মা সাবিত্রী প্রেম অভিযোগ করেছিলেন, ‘রাখি কা ইনসাফ’–এর ওই পর্বে রাখি সাওয়ান্ত তাঁর ছেলের বিরুদ্ধে অপমানজনক ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন। তার ভিত্তিতেই ঝাঁসির আদালতে রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাটি দায়ের হল।
জানা গেছে, এই মামলায় রাখি সাওয়ান্তকে একাধিকবার আদালতে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছিল। কিন্তু একবারও আদালতের ডাকে সাড়া দেননি অভিনেত্রী। তারপরই জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল অভিনেত্রীর বিরুদ্ধে। আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে, যাতে যত তাড়িতাড়ি সম্ভব রাখিকে আদালতের হাজির করানো হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী ১ ডিসেম্বর ২০২৬ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি রাখি।
