পাকিস্তানে স্কুলের ছাদ ধসে মৃত্যু-মিছিল, নিহত কমপক্ষে ২৯
ইসলামাবাদ: ক্লাস চলাকালীন আচমকাই মাথার ওপর ভেঙে পড়ল ছাদ । মৃত্যু হয়েছে কমপক্ষে ২৯ পড়ুয়া এবং ১ শিক্ষকের। পাকিস্তানের পেশোয়ারের একটি বেসরকারি স্কুলের ঘটনা। গুরুতর জখম ১৯ জনকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানিয়েছেন, আফ্রিদি আবাদ এলাকার ‘আল খায়ের স্কুলে’ আচমকাই এই ঘটনা ঘটে। ‘রেসকিউ ১১২১’-এর তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকাজে যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য পুলিশকে ‘গ্রিন করিডর’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মৃত পড়ুয়াদের বয়স ১৩ বছর বা তার কম। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। স্কুলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে অন্তত ৪৫ জন শিশুকে উদ্ধার করা হয়েছে।
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে দ্রুত উদ্ধারকাজ শেষ করা এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও এ ধরনের ঘটনা পাকিস্তানে এই প্রথম নয়। গত জুলাইতে উমরকোট ও লাহোরে স্কুল বাড়ির একাংশ ভেঙে অন্তত চার শিশুর মৃত্যু হয়। এর আগে জুন মাসে লাহোরে একটি প্রাইভেট টিউশন সেন্টারের ছাদ ধসে ১৪ জন এবং দেরা গাজি খানে অন্য একটি স্কুলের ছাদ ভেঙে চার পড়ুয়ার প্রাণ যায়।
