পঞ্চমীর বৃষ্টিতে বিরক্তি, তা সত্ত্বেও কেনাকাটা, ঠাকুর দেখার উৎসাহে ভাটা পড়ল না
সংবাদদাতা, কলকাতা: পঞ্চমীর পুজোর আবহ নষ্ট করে দিল বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে তিলোত্তমার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। দুপুরের দিকে সেই বৃষ্টির বেগ বাড়ে। আকাশ ঢেকে যায় কালো মেঘে। এর মধ্যেই ছিল শেষ মুহূর্তের পুজোর কেনাকাটা এবং পঞ্চমী বিকেল থেকে শুরু ঠাকুর দেখার পালা। যদিও মহালয়ার পরের দিন থেকেই কলকাতা সহ জেলা জুড়ে প্যান্ডেল হপিং শুরু করে দেয় অনেকেই। তবুও পঞ্চমী থেকে পুজোর রেশ কিছুটা বেড়ে যায়। আর এই আবহেই বৃষ্টির ফলে বেশ সমস্যায় সাধারণ মানুষ। যদিও আজকের পর আর ভারী বৃষ্টির সম্ভবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের ফলে কোথাও কোথাও হালকা বৃষ্টি চলতে পারে। সব মিলিয়ে ভিজে খানিকটা নাকাল হলেও জ্যামজমাট কলকাতার ভিড়। আর তারই হাত ধরে পঞ্চমীর দিন থেকেই শুরু যানজট। পরিস্থিতি সামাল দিতে এদিন সকাল থেকেই রাস্তায় নেমেছে অতিরিক্ত পুলিশ। ট্রাফিক কর্তারাও যান চলাচল নিয়ন্ত্রণে রাজপথে নামেন। বোধন ও আনুষ্ঠানিক সূচনার আগেই আজ পঞ্চমী তিথিতে কলকাতা ও জেলার পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের বিরাট ভিড় দেখা যাচ্ছে।

এদিন বেহালাগামী বহু গাড়িকে বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে তারাতলা যেতে হয়। মধ্য কলকাতার কলেজ স্কোয়ার বা মহম্মদ আলি পার্ক সংলগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যাতে যানজট না হয়, তার জন্য ট্রাফিক পুলিশ ব্যবস্থা নেয়। কলকাতা শুধু নয়, যান চলাচল নিয়ন্ত্রণে পুজোর সময়কাল জুড়ে বড়সড় পরিবর্তন বিধাননগরেও। সল্টলেক এবং নিউটাউনে পুজোর সময় কঠোর ট্রাফিক বিধিনিষেধ বহাল থাকবে। পুলিশের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, সল্টলেকের যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে ঠাকুর দেখতে চলে যান মানুষ। এবার সেই প্রবণতা আটকাতে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়াভাবে নজর দেবে ট্রাফিক।
একই সঙ্গে উত্তর কলকাতার আর জি কর রোড, টালা ব্রিজ ও আরও কিছু জায়গায় শ্যামবাজার সংলগ্ন এলাকায় যানজট তৈরি হয়েছে সকাল থেকেই। টালায় কয়েকটি বড় পুজো রয়েছে। এছাড়াও হাতিবাগানে চলছে পুজোর কেনাকাটা। সেই কারণেই যানজট তৈরি হয়। উত্তরের সঙ্গে দক্ষিণ কলকাতার ছবিও এক। গড়িয়াহাট মোড়ে পুজোর কেনাকাটায় জমে ওঠে ভিড়। তার উপর বিকেল থেকেই অনেকে মণ্ডপ দর্শন করতে শুরু করেন। একডালিয়া, সিংহি পার্কে আসতে শুরু করেন দর্শনার্থীরা। রাসবিহারী অ্যাভিনিউ, বালিগঞ্জ, গোলপার্ক এলাকায় যান চলাচল ধীর হয়ে যায়। এসব সামলেই পঞ্চমী থেকে সকলে মেতে উঠেছে শারদোৎসবে।
