শ্রীভূমি থেকে দমদম পার্ক— ঠাকুর দেখার ব্যবস্থায় কিছুটা রদবদল আনল পুলিশ
সংবাদদাতা, কলকাতা: পুজোয় ঠাকুর দেখার তালিকায় মাস্ট শ্রীভূমি। সেখান থেকে ঠাকুর দেখে লেক টাউন ঘুরে পায়ে পায়ে ভিড়টা চলে আসে দমদম পার্কে। কিন্তু এবারে এই রুটে ঠাকুর দেখা নিয়ে বিধাননগর পুলিশ একটা বড়সড় পরিবর্তন এনেছে। পুজোর সময় বিধাননগর কমিশনারেট এলাকার ভিআইপি রোডে ট্রাফিক ব্যবস্থায় অদলবদল ঘটছে।
উল্টোডাঙা থেকে কেষ্টপুর পর্যন্ত বন্ধ থাকছে ইউ টার্ন। সল্টলেক থেকে ভিআইপি রোড সংযোগকারী ওভারব্রিজগুলি বন্ধ রাখা হবে। শ্রীভূমি থেকে হেঁটে দমদম পার্ক পর্যন্ত এয়ারপোর্টমুখী রাস্তায় হাঁটতে পারবেন না মানুষ। সে ক্ষেত্রে শ্রীভূমির ঠাকুর দেখে লেকটাউনের ভিতরের রাস্তা দিয়ে বাঙুর পর্যন্ত যেতে হবে দর্শনার্থীদের। তারপর সাবওয়ে পেরিয়ে রাস্তা পেরিয়ে কেষ্টপুর খাল সংলগ্ন পথ ধরে হেঁটে দমদম পার্ক বাস স্ট্যান্ড পর্যন্ত যাবেন পথচারীরা। সেখানে ফের রাস্তা পেরিয়ে ঢুকতে হবে দমদম পার্কে। গোটা ভিআইপি-কে ছটি সেক্টরে ভাগ করা হয়েছে। এক একটি সেক্টরের যান নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন ইন্সপেক্টর পদমর্যাদার একজন করে আধিকারিক। গাড়িচালক এবং পথচারীদের যাতে সমস্যা না হয় তার জন্য ৫০০টির বেশি দিকনির্দেশিকা রাস্তার লাগানো হয়েছে। যা দেখে পরবর্তী গন্তব্যে যাওয়ার রাস্তার আন্দাজ পাবেন মানুষ।
