আজ সন্ধ্যায় ইডেন থেকে আগমনির সুরে দুর্গোৎসবের সূচনা, থাকবেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী
সংবাদদাতা, কলকাতা: মহালয়ার দিন থেকেই দুর্গাপুজোর আনুষ্ঠানিক আবহে ঢুকে পড়ছে রাজ্য। পুজোর সূচনা উপলক্ষ্যে আজ, শনিবার একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে ব্রিগেডে কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এরপর রেড রোড থেকে মিছিল করে হেঁটে ইডেন গার্ডেন্সে যাবেন মুখ্যমন্ত্রী।
ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ‘উম আগমনি’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যপাল আর এন রবিরও। যদিও প্রথমে জানান গিয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তিনি আসতে পারছেন না।
মহালয়ার পুণ্যলগ্নে এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যে দুর্গাপুজোর উৎসবের আবহ আরও জোরালো হয়ে উঠবে। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার দিনে সরকারি এই আয়োজন ঘিরে নজর থাকবে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলেরও।
পুজোর আবহে সেজে উঠেছে পশ্চিমবঙ্গ। সর্বত্র শেষ মুহূর্তের কাজ চলছে। এর মধ্যেই উৎসবের সূচনা। কয়েকটা দিন উৎসবের রঙিন জগতে ঢুকে পড়বে রাজ্যের মানুষ। তারই বর্ণাঢ্য সূচনা আজ সন্ধ্যায় ইডেনে।
