Bank Strike: ব্যাঙ্ক ধর্মঘটে লেনদেনের এই চার্জ মুকুব! গ্রাহকদের সুসংবাদ এসবিআইয়ের
সংবাদদাতা, নয়াদিল্লি: ব্যাঙ্ক ধর্মঘটে গ্রাহকদের সুসংসবাদ দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর, সোম, মঙ্গল, বুধে তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে একাধিক ইউনিয়ন। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য এটিএম লেনদেনের চার্জ সম্পূর্ণ মকুব করার ঘোষণা করেছে।
ধর্মঘট চলাকালীন স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে সম্পূর্ণ বিনামূল্যে এবং অতিরিক্ত কোনও ফি ছাড়াই নগদ টাকা তুলতে পারবেন। লেনদেন করলে সাধারণত প্রযোজ্য মাসিক ফ্রি লিমিটের অতিরিক্ত চার্জ গুনতে হবে না। শাখাগুলির পরিষেবা বিঘ্নিত হলেও ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং YONO অ্যাপের মাধ্যমে সাধারণ ডিজিটাল লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। শাখা সম্পর্কিত কোনও জরুরি কাজ যেমন চেক জমা, ডিমান্ড ড্রাফট বা ঋণ সম্পর্কিত কাজ থাকলে তা ধর্মঘটের আগেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের।
সপ্তাহে দু’দিন ছুটির দাবি থেকেই সোমবার থেকে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নের যৌথ মঞ্চ। যার ফলে মাসের শেষে টানা পাঁচদিন ব্যাঙ্কের পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তারই পালটা রবিবার ব্যাঙ্ক খুলে রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই মতো রবিবার খোলা থাকবে সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গ্রাহকদের যাতে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও সমস্যা তৈরি না হয় সেটা নিশ্চিত করতে চাইছে এসবিআই।
আরও পড়ুন: পুদুচেরির খুদে পড়ুয়ারা মহারাজের দরবারে
সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ব্যাঙ্ক ইউনিয়নগুলির আন্দোলন চলছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর একদিনের দেশব্যাপী ধর্মঘট পালন করেছিলেন ব্যাঙ্ককর্মীরা। সেই দাবিতেই ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিনদিন ধর্মঘট ঘোষণা করেছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি। এই পরিস্থিতি হলে উৎসবের মরশুমে চরম সমস্যায় পড়তে পারে আমজনতা। ছোট ব্যবসায়ীরাও সমস্যার সম্মুখীন হতে পারেন। তার আগে সব ব্যাঙ্কগুলি গ্রাহকদের সুবিধার কথা ভেবে এসএমএসে মেসেজ পাঠিয়ে সতর্ক থাকতে বলেছে।
