পুদুচেরির খুদে পড়ুয়ারা মহারাজের দরবারে
সংবাদদাতা, কলকাতা: সৌরভ গাঙ্গুলির কাছে হাজির একঝাঁক খুদে পড়ুয়ারা। এদিন পুদুচেরি থেকে প্রথমবার বিমানে চড়ে কলকাতায় পা রেখেছিল ২০ থেকে ২২ জন স্কুলপড়ুয়া। লক্ষ্য ছিল একটাই, তাঁদের প্রিয় দাদা সৌরভের সঙ্গে দেখা করা। শুক্রবার বেহালায় মহারাজের বাসভবনে পৌঁছে সেই স্বপ্ন সত্যি হল খুদেদের। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এদিন পুদুচেরির এই শিক্ষার্থীদের জন্য বিশেষ সংবর্ধনা ও খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে ছোটদের অভ্যর্থনা জানান। পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি, তাঁদের সঙ্গে গল্প করেন এবং ক্রিকেট সম্পর্কিত নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। শুধু সাক্ষাৎই নয়, খুদেদের হাতে অটোগ্রাফ দেওয়া বিশেষ ব্যাট ও বিভিন্ন আকর্ষণীয় উপহার তুলে দেন সৌরভ। বিমানযাত্রার পর দাদার এমন উষ্ণ আতিথেয়তায় উচ্ছ্বসিত পড়ুয়ারা। মহারাজকে কাছে পেয়ে এবং উপহার হাতে নিয়ে তাদের আনন্দের সীমা ছিল না। কলকাতা ভ্রমণের এই স্মৃতি তারা চিরকাল মনে রাখবে বলে জানায়। পুদুচেরির এই পড়ুয়াদের কেবল সৌরভের বাড়িই নয়, সামনেই দুর্গাপুজো থাকায় তাঁদের পুরো কলকাতা শহর ঘুরে দেখারও বিশেষ পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিএবি-তে সাম্প্রতিক কালে রাজনৈতিক ব্যক্তিত্বদের আসা নিয়ে ওঠা প্রশ্নেরও জবাব দেন মহারাজ। তিনি জানিয়ে দেন, লোধা কমিটির যে নির্দেশিকা রয়েছে, তাতে সিএবি-তে রাজনৈতিক ব্যক্তিত্বদের যুক্ত হওয়ার ক্ষেত্রে বা প্রশাসনিক কাজে আসার ক্ষেত্রে কোনও বাধা বা নিষেধাজ্ঞা নেই। পাশাপাশি, আসন্ন মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে হতে চলা বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠান নিয়ে মুখ খোলেন সৌরভ। তিনি জানান, এই মেগা অনুষ্ঠানটি সফল করতে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। ওই বিশেষ অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। যা নিয়ে ক্রিকেটপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। দেশ-বিদেশের বহু বিশিষ্ট অতিথিও ওই দিন ইডেনে উপস্থিত থাকবেন। সৌরভের মতে, মহালয়ার দিন ইডেনের এই আয়োজন মহানগরীর উৎসবের আবহাওয়ায় এক নতুন সংযোজন।
