হাফিজ প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জে সাংবাদিকদের এড়ালেন শরিফ
নিউ ইয়র্ক: বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। কিন্তু রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে ঢোকা ও বেরনোর সময় পড়লেন বিপাকে। পাক প্রধানমন্ত্রীকে ঘিরে ধরলেন সাংবাদিকরা। এরপরই লস্কর–ই–তৈবা প্রধান হাফিজ সৈয়দ এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে শরিফকে প্রশ্ন করতে শুরু করেন সাংবাদিকরা। তাঁর কাছে জানতে চাওয়া হয় ইসলামাবাদ কবে হাফিজ সৈয়দের বিচার প্রক্রিয়া শুরু করবে? কবেই বা তাকে সাজা দেওয়া হবে? যদিও কোনও প্রশ্নেরই জবাব দেননি শেহবাজ। বরং হাঁটার গতি বাড়িয়ে চটজলদি ঢুকে যান রাষ্ট্রপুঞ্জের ভেতরে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোদার বাসিন্দা হাফিজ সৈয়দ ২৬/১১ মুম্বই জঙ্গি হামলা মামলায় অন্যতম অভিযুক্ত। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর–ই–তৈবার এই প্রধানের বিরুদ্ধে পহেলগাম জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগ এনেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। এই মামলায় NIA–এর চার্জশিটেও হাফিজ সৈয়দকে অভিযুক্ত করা হয়েছে।
পাকিস্তান বহুদিন ধরেই আন্তর্জাতিক একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নিরাপদ আশ্রয়স্থান হয়ে উঠেছে বলে বরাবরই সুর চড়িয়ে এসেছে দিল্লি। রাষ্ট্রপুঞ্জে এ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তাও দিয়েছে ভারত। ভারতীয় কূটনীতিক ক্ষিতীশ ত্যাগী United Nations Human Rights Council–এ কোনও রকম রাখঢাক না করেই বলেছিলেন, নিজের ভঙ্গুর অর্থনীতি ও ঋণের বোঝা সামলানোর দিকে নজর না দিয়ে পাকিস্তান সীমান্তের সন্ত্রাসবাদে ইন্ধন জোগাতেই ব্যস্ত। ভারত ইসলামাবাদের বিরুদ্ধে সরাসরি ‘জঙ্গি রপ্তানি’র অভিযোগ তুলেছে।
