বৃদ্ধার ভাতা অন্যের অ্যাকাউন্টে, ‘দুর্নীতিতে প্রথম’ সিউড়ি পুরসভা ঘিরে অভিযোগ
সংবাদদাতা, বীরভূম,(সিউড়ি): ৮৫ বছরের বৃদ্ধার বার্ধক্য ভাতার টাকা তাঁর অ্যাকাউন্টে না গিয়ে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে জমা পড়ার অভিযোগ ঘিরে ফের প্রশ্নের মুখে সিউড়ি পুরসভা। পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতারাণী ঘোষ ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত নিজের অ্যাকাউন্টে নিয়মিত ভাতা পেয়েছেন। অভিযোগ, ডিসেম্বর থেকে তাঁর নামে টাকা বরাদ্দ হলেও তা সিউড়ির ১৮ নম্বর ওয়ার্ডের হাটজনবাজারের বাসিন্দা জনতার গীতশ্রী সোমের অ্যাকাউন্টে যাচ্ছে এবং তিনি সেই টাকা তুলে নিচ্ছেন।
গীতার ছেলে বিকাশ ঘোষের অভিযোগ, পুরসভায় বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাঁর দাবি, ভাতা সংক্রান্ত দুর্নীতিতে সিউড়ি পুরসভা গোটা রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে বলে মুখ্যসচিবের পক্ষ থেকে যে মন্তব্য করা হয়েছে, এই ঘটনাও সেই দুর্নীতিরই প্রমাণ। তাঁর মায়ের প্রাপ্য টাকা ইচ্ছাকৃতভাবে অন্যের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রয়োজনে মহকুমাশাসক, জেলাশাসক ও পুলিশের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
পুরসভার দাবি, কীভাবে এমনটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ভাতাপ্রাপকদের তথ্য নতুন করে যাচাই করা হচ্ছে। গীতারাণী যোগ্য হলে তাঁর ভাতা পুনরায় চালুর ব্যবস্থা করা হবে।
