দুটি মামলায় শেখ হাসিনা সহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
সংবাদদাতা, ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থানার দুটি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৬৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় যাত্রাবাড়ি এলাকায় হত্যা ও হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলির তদন্ত শেষে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
মামলা দুটি হল—নাদিম হত্যাচেষ্টা মামলা এবং রাজমিস্ত্রি মহ. বাবুল মৃধা হত্যা মামলা। দুটি মামলাতেই পৃথক তদন্তকারী কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন।
নাদিম হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গত ২৭ জুলাই অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল। তদন্তে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ৬৬ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এই মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আগামী ১৯ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য রয়েছে।
এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রাক্তন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সহ অনেকের নাম রয়েছে।
অন্যদিকে, বাবুল মৃধা হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে গত ১৩ আগস্ট অভিযোগপত্র দাখিল করেন যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান ইরফান। এই মামলায় ৩৯ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এই মামলার আসামিদের তালিকায় রয়েছেন প্রাক্তন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রাক্তন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত সহ বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতা।
পুলিশের এই দুই অভিযোগপত্রে মোট ৬৩ জনকে অভিযুক্ত এবং ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নাদিম আহত হন। অন্যদিকে জুলাই আন্দোলনের সময় রাজমিস্ত্রি বাবুল মৃধার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পৃথক হত্যা মামলা করা হয়। এই দুই ঘটনার তদন্তের পরই সংশ্লিষ্ট অভিযোগপত্র আদালতে জমা পড়ল।
