দিল্লিতে ব্রিকসের গুরুত্বপূর্ণ বৈঠক, কোন কোন ভারতীয় খাবার চেখে দেখবেন রাষ্ট্রপ্রধানরা?
নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর: দু’দিন নয়াদিল্লির ‘ভারত মণ্ডপমে’ আয়োজিত হতে চলেছে ব্রিক্স-সদস্য দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ বৈঠক। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সভাপতিত্বে এই বৈঠকে যোগ দিচ্ছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু সহ সদস্য রাষ্ট্রগুলির শীর্ষ প্রতিনিধিরা।
রাজনৈতিক ও সামরিক কূটনীতির পাশাপাশি এই হাই-প্রোফাইল সম্মেলনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারতীয় আতিথেয়তা ও রন্ধনশিল্প। আন্তর্জাতিক অতিথিদের মন জয় করতে দিল্লির তিনটি প্রখ্যাত তারকা হোটেল— ‘তাজমহল’, ‘দ্য লীলা প্যালেস’ এবং ‘দ্য ললিত’ গ্রহণ করেছে বিশেষ প্রস্তুতি।
তাজমহল হোটেল: তাদের ‘ট্র্যাডিশন টু টেবিল’ থিমের মাধ্যমে রন্ধনশিল্পীদের মায়েদের হাতের রান্নার স্মৃতি এবং ভারতের আঞ্চলিক ঐতিহ্য তুলে ধরছে। এই মেনুতে ভারতের ছয়টি প্রান্তের নিজস্ব স্বাদের জলখাবার ঠাঁই পেয়েছে—কাশ্মীরের মশলা আখরোট, পুরানি দিল্লির ময়দা কাজু এবং বাংলার প্রিয় কুচো নিমকি। রাজস্থানের মিনি কচুরি, মহারাষ্ট্রের ভাকরওয়াড়ী এবং তামিলনাড়ুর মুরুক্কু।
দ্য লীলা প্যালেস: ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে জোর দিয়েছে। সম্মেলনের প্রতীক ও ভারতের জাতীয় ফুলকে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে গোলাপ, জাফরান, এলাচ ও ড্রাই ফ্রুটসের সমন্বয়ে গড়া বিশেষ ‘ভোজ্য পদ্ম’। এর পাশাপাশি থাকছে স্বাস্থ্যকর মিলেট কুকিজ় ও বিশেষ নিউট্রিশনাল ইনফিউশন।
দ্য ললিত: ভারতীয় স্বাদের সঙ্গে বিদেশি কৌশলের এক মেলবন্ধন ঘটিয়েছে। ঐতিহ্যবাহী গলৌটি কবাব ও তন্দুরি রুটির পাশাপাশি আন্তর্জাতিক অতিথিদের রুচি মাথায় রেখে তারা সাজিয়েছে ‘ব্রেজ়ড এগপ্ল্যান্ট উইথ মিসো পেস্ট’ বা ‘সিমারড চাইনিজ় ক্যাবেজ’-এর মতো ফিউশন পদ।
কূটনৈতিক আলোচনার গুরুগম্ভীর পরিবেশের মাঝে ভারতের এই বহুমুখী খাদ্যসংস্কৃতি বিদেশি প্রতিনিধিদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা পৌঁছে দেবে বলেই আশা করা হচ্ছে।
