ঢাকা-লন্ডনগামী বিমানে হাতাহাতি, ছিঁড়ে গেল টি-শার্ট, ভিডিও ভাইরাল
সংবাদদাতা, ঢাকা: বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক চর্চা চলছে। গত ১৬ সেপ্টেম্বর রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুই পুরুষ যাত্রীর মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে রূপ নেয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, দুজন প্রথমে বাগবিতণ্ডায় জড়ান, এরপর একে অপরকে ঘুষি মারতে শুরু করেন। ধস্তাধস্তির একপর্যায়ে একজন যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কেবিন ক্রু সদস্য ও অন্যান্য যাত্রীরা এগিয়ে এসে দুই ব্যক্তিকে আলাদা করার চেষ্টা করেন। এই ঘটনায় বিমানে থাকা শিশু ও বয়স্ক যাত্রীসহ অন্যান্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ফ্লাইটের সঠিক রুট নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্নতা দেখা গেছে। কোথাও বলা হয়েছে ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল, কোথাও উল্লেখ করা হয়েছে সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট, আবার কোনও প্রতিবেদনে বলা হয়েছে লন্ডন থেকে ঢাকাগামী ফ্লাইট। বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মহিউদ্দিন আহমেদ জানান, ফ্লাইটটি ওই দিন সকালে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিল এবং যাত্রাপথের কোনো এক পর্যায়ে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তিনি বলেন, কেবিন ক্রু হস্তক্ষেপ করে পরিস্থিতি সামলে নেন এবং দুজনকে পৃথক করেন।
উল্লেখ্য, আকাশপথে ঘটা এ ধরনের অপরাধের বিচারপ্রক্রিয়া বেশ জটিল। ১৯৬৩ সালের টোকিও কনভেনশন অনুযায়ী এ ধরনের ঘটনায় মূলত বিমান যে দেশে নিবন্ধিত, সেই দেশের কর্তৃপক্ষেরই এক্তিয়ার থাকে। যদিও ২০১৪ সালের মন্ট্রিল প্রোটোকলে এই পরিধি সম্প্রসারিত করে অবতরণকারী দেশ ও অপারেটরের দেশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে বাস্তবে বিচার নির্ভর করে স্থানীয় কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণে কতটা আগ্রহী তার ওপর।
