ডেঙ্গিতে স্ত্রীর মৃত্যু,পরের দিনই হার্ট অ্যাটাক ড্রামার রুশদির
রিমি দত্ত
স্ত্রীকে হারানোর পরের দিনই হৃদ্রোগে আক্রান্ত হলেন বাংলাদেশের জনপ্রিয় ড্রামার আদনান রুশদি। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেল থেকে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। আশ্চর্যের বিষয় হল, গত শনিবারই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রুশদীর স্ত্রী শিরিন সুলতানা মারা যান। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর প্লেটলেট মারাত্মক হারে কমে গিয়েছিল। স্ত্রীর মৃত্যুর পর কেও হাসপাতালে ভর্তি করতে হল। দম্পতির চার বছরের এক পুত্রসন্তান রয়েছে। আদনান রুশদি বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার। বাংলাদেশের প্রখ্যাত চিরকুট’সহ বেশ কয়েকটি ব্যান্ডের সঙ্গেও বাজিয়েছেন রুশদি। এছাড়াও স্টুডিও তানপুরার সঙ্গেও তিনি মিউজিক প্রডিউসার ও কম্পোজার হিসেবে যুক্ত ছিলেন।
এক ফেসবুক পোস্টে চিরকুট লিখেছে, ‘রুশদিভাই আমাদের ব্যান্ডে কিছুদিন ড্রামস বাজিয়েছিলেন। আমাদের সহযাত্রী ছিলেন ২০০৫–০৬ সালে। তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী হতে ভোলেননি কখনও। গতকালকে তাঁর স্ত্রী ডেঙ্গি আক্রান্ত হয়ে হঠাৎই অকালে মারা যান। এরপর রুশদি হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তাঁদের ছোট্ট সন্তানের কথা মনে করে আমরা চিন্তিত। সেই সঙ্গে পুরো পরিস্থিতিতে গভীরভাবে শোকাহত ও ভাষাহীন! ঈশ্বরের কাছে প্রার্থনা, এই কঠিনতম সময়ে রুশদির পরিবারকে তিনি মোকাবিলা করার শক্তি দিন! আদনান রুশদির দ্রুত আরোগ্য কামনা করছি।’
