বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

টক্সিক: বিতর্ক, সমালোচনায় আয়ে ভাটা

29 August, 2026 5:26 PM Lopa Bhowmik
শেয়ার করুন

লোপামুদ্রা ভৌমিক :  ফের বিতর্কে গীতু মোহনদাস পরিচালিত এবং ‘কেজিএফ’ খ্যাত তারকা যশ অভিনীত ছবি ‘‌টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন–আপস’‌ এই ছবি ঘিরে হাজারও আলোচনা–সমালোচনার মধ্যেই এবার সুরজ কুমার নামে এক ইউটিউবার দাবি করলেন, ছবিটি সম্পর্কে নেতিবাচক সমালোচনা করার জন্য ছবির প্রযোজনা সংস্থা ও অভিনেতা যশের পক্ষ থেকে তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সেই নোটিশের স্ক্রিনশটও এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন সুরজ। এদিকে ‘‌মুরুগল রোস্ট’‌ খ্যাত জনপ্রিয় সমালোচক প্রশান্ত রঙ্গস্বামীও দাবি করেছেন যে, তিনি যশ ও ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আইনি নোটিশ পেয়েছেন। ছবিটি মুক্তির আগেই বেঙ্গালুরুর একটি আদালত এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মানহানিকর ও মিথ্যা খবর ছড়ানো রোধ করতে এক অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল।

বলা হয়েছিল আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। তবে আদালত এও জানিয়েছিল যে, এই নির্দেশ কোনও নিরপেক্ষ বা গঠনমূলক সমালোচনা বন্ধ করার কাজে ব্যবহার করা যাবে না। আসলে মুক্তির আগেই যৌনতা, নারীর উপস্থাপন ও সহিংসতার অভিযোগে বিতর্কে জড়িয়ে পড়েছিল ছবিটি। গত ২৬ আগস্ট মুক্তি পেয়েছে এই ছবি।

তারপরই সমালোচকদের একটি বড় অংশ বলতে শুরু করেছেন, প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ‘‌টক্সিক’‌। গল্পের দুর্বলতা, দীর্ঘ সময়, নারীর উপস্থাপন, অতিরিক্ত সহিংসতার মতো একাধিক বিতর্ক দানা বেঁধেছে ‘‌টক্সিক’‌–কে কেন্দ্র করে। বিতর্ক এতটাই বেড়ে যায় যে, আম আদমি পার্টির মহিলা শাখা কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে অভিযোগও দায়ের করে। সেখানে টিজারের দৃশ্যগুলিকে অশ্লীল ও আপত্তিকর বলা হয় এবং সেগুলি নারী ও শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে দাবি করা হয়।

একটি ধর্মীয় সংগঠনও ছবিটির প্রচারমূলক ভিডিও নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছে অভিযোগ জানায়। তাদের আপত্তির মধ্যে ছিল অশ্লীল দৃশ্যের পাশাপাশি একটি কবরস্থানের লড়াইয়ের দৃশ্যে আর্চএঞ্জেল মাইকেলের মূর্তি ব্যবহারের বিষয়টি। পাশাপাশি ছবিটিতে যশ এবং কিয়ারার কিছু সাহসী দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়েছে। নেট নাগরিকরা এর জন্য কিয়ারার স্বামী সিদ্ধার্থকেও ট্রোল করতে ছাড়েননি।

এদিকে আয়ের অঙ্কে ক্রমাগত পিছিয়ে পড়ছে যশের এই ছবি। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ছবিটির আয় ২৯.৩% কমেছে। ছবিটি বক্স অফিসে ২৬.৬০ কোটি টাকা আয় করেছে। আয়ের এই পতনের ফলে ছবিটি ১৬০ কোটি টাকার অঙ্ক পার করতে পেরেছে। অন্যদিকে ভারতে এই ছবির মোট সংগ্রহ ১৯৭.৭০ কোটি টাকায় পৌঁছেছে। গোটা বিশ্বে এই অ্যাকশন ক্রাইম থ্রিলার সিনেমার মোট আয় এখনও পর্যন্ত ২২১.৪৫ কোটি টাকা।

প্রতিবেদন

Lopa Bhowmik