তারাপীঠ ও কঙ্কালীতলায় ভক্তের ঢল, পুষ্পবৃষ্টি
সংবাদদাতা, বীরভূম: বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথিতে সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে তারাপীঠ এবং বোলপুরের কঙ্কালীতলায়। দূর–দূরান্তের থেকে হাজার হাজার মানুষ পুজো দিতে এসেছেন। সকাল থেকেই মন্দির চত্বরে ছিল দীর্ঘ লাইন। বেলা যত বেড়েছে সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ভিড়ও বেড়েছে। মাতৃমূর্তির দর্শন পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন ভক্তরা।
কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মন্দির চত্বর থেকে শুরু করে আশপাশের এলাকায় প্রশাসনের তরফে চলানো হয়েছে কড়া নজরদারি। ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল এবং পুণ্যার্থীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হয়েছে।
এদিন তারাপীঠে অন্যতম আকর্ষণ ছিল পুষ্পবৃষ্টি। রাজ্য সরকারের উদ্যোগে হেলিকপ্টার থেকে মন্দির চত্বরের ওপর ফুলের বৃষ্টি করা হয়। সেই দৃশ্য দেখতে মন্দির চত্বরে হাজার হাজার মানুষের সমাগম হয়। ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস।
দুপুরে দেবীকে বিশেষ বিশেষ ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মায়ের বিশেষ আরতি। পাশাপাশি রয়েছে বিশেষ যজ্ঞ, পাঠের আয়োজন। প্রশাসন ও মন্দির কমিটির ধারণা, কৌশিকী অমাবস্যা উপলক্ষে মধ্যরাত পর্যন্ত চলবে ভক্ত সমাগম।
